ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর আইসিইউ ছেড়েছেন সোনিয়া গান্ধী। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কংগ্রেসপ্রধান দেশে ফিরবেন বলে আশা করে হচ্ছে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়ার অস্ত্রোপচার হয়। এরপর ২৪ ঘণ্টা তিনি নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ) ছিলেন।
কংগ্রেসের মুখপাত্র জনার্দন দ্বিবেদির বরাত দিয়ে শনিবার দি টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, সফল অস্ত্রোপচার শেষে ২৪ ঘণ্টা আইসিইউতে থাকার পর শুক্রবার সোনিয়াকে শয্যায় আনা হয়েছে।
কেন সোনিয়ার এ অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি কংগ্রেসের পক্ষ থেকে। তবে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় পত্রিকা ডেকান হেরাল্ড জানিয়েছে, সোনিয়া সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হওয়ায় এ অস্ত্রোপচার করতে হয়েছে। আর তা হয়েছে নিউ ইয়র্কের বেসরকারি হাসপাতাল মেমোরিয়াল স্লোন কেটেরিং ক্যান্সার সেন্টারে।
ভারতীয় বংশোদ্ভূত এক দল আমেরিকান চিকিৎসক এ অস্ত্রোপচার করেন বলে ডেকান হেরাল্ড জানায়।
অটিজম বিষয়ক আন্তর্জাতিক এক সম্মেলনে যোগ দিতে গত মাসের শেষ দিকেই ঢাকায় এসেছিলেন সোনিয়া।
ইতালীয় বংশোদ্ভূত ৬৪ বছর বয়সী সোনিয়া ভারত সরকারের কোনো পদে না থাকলেও তাকে দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হয়। কংগ্রেস প্রধান হলেও ২০০৪ সালে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন তিনি।
দ্বিবেদি জানান, সোনিয়ার অনুপস্থিতিতে রাহুল গান্ধীসহ চার সদস্যের একটি কমিটি ভারতীয় কংগ্রেসের কর্মকাণ্ড পরিচালনা করছেন। বাকি তিনজন হলেন- সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল, প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি এবং দ্বিবেদি নিজে।
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া বর্তমানে নেহরু-গান্ধী পরিবারের উত্তরসূরিদের প্রধান। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত স্বাধীন হওয়ার পর এই পরিবারের সদস্যরাই বেশিরভাগ সময় দেশটির শাসন ক্ষমতায় ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৪১৪ ঘ.
bdnews24