২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেডিট রেটিংয়ে অবনমন যুক্তরাষ্ট্রের ভিডিও

দেনার ভার আর বাজেট ঘাটতি ক্রেডিট রেটিংয়ে এই প্রথম শীর্ষ পর্যায় থেকে নামিয়ে এনেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 06:00 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

নিউ ইয়র্ক, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেনার ভার আর বাজেট ঘাটতি ক্রেডিট রেটিংয়ে এই প্রথম শীর্ষ পর্যায় থেকে নামিয়ে এনেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রকে। শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং এজেন্সি 'স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি)' শুক্রবার তাদের রেটিংয়ে যুক্তরাষ্ট্রকে 'ট্রিপল এ' পর্যায় থেকে এক ধাপ নামিয়ে 'ডাবল এ প্লাস' স্থানে বসিয়েছে। যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ও ঋণসীমা বাড়ানো নিয়ে কংগ্রেসের প্রবল বিতর্ক ও অচলাবস্থায় সৃষ্ট উদ্বেগই তাদের এ সিদ্ধান্তের কারণ। এ অবনমনের ফলে যুক্তরাষ্ট্র সরকার, কোম্পানি ও ভোক্তাদের ঋণ গ্রহণের খরচ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের যে দাম ছিলো, তা এখন যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও ও কানাডার মতো দেশের ট্রেজারি বন্ডের চেয়ে কম হবে। এক বিবৃতিতে এসঅ্যান্ডপি জানায়, "বিপর্যয় এড়িয়ে অর্থবছর সংহত করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও প্রশাসন যে মতৈক্যে পৌঁছেছে, সে বিষয়ে আমাদের মতামত প্রকাশ পেয়েছে অবনমনে।" প্রতিষ্ঠানটির দৃষ্টিতে, কংগ্রেসে যে মতৈক্য হয়েছে, তা পরিস্থিতি সামাল দিতে খুব একটা কাজে দেবে না। ব্যয় হ্রাস ও সরকারের ঋণের বোঝা কমাতে কর বাড়ানো এবং সরকারের ঋণ গ্রহণ সীমা বাড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তিক্ত রাজনৈতিক বিতর্কের পরপরই অবনমনের এ সিদ্ধান্ত এলো। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সুস্থির করতে এসঅ্যান্ডপি বাজেট ঘাটতি ৪ ট্রিলিয়ন ডলার কমানোর আহ্বান জানিয়েছিলো। কিন্তু আগামী ১০ বছরে অর্থবছরের ঘাটতি ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার কমিয়ে আনতে কংগ্রেসের গৃহীত পরিকল্পনায় ২ অগাস্ট সই করেন প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রের অথনৈতিক প্রবৃদ্ধির গতি হ্রাস পাচ্ছে আর ঋণসীমা নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক অচলাবস্থা ও দীর্ঘদিনের বাজের ঘাটতির সমস্যা চিহ্নিত করতে সরকারগুলোর ব্যর্থতায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট দুই বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময় অতিক্রম করছে। গত ১০ দিনে এসঅ্যান্ডপি'র ৫০০ স্টক সূচক গত ১০ দিনে ১০ দশমিক ৮ শতাংশ পড়ে গেছে। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরেকটি বিশ্বমন্দার সূচনা ঘটাচ্ছে বলে সারা বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এসঅ্যান্ডপির চেয়ারম্যান জন চেম্বারস সিএনএনকে বলেন, ঋণসীমা নিয়ে আইনসভায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারলেও যুক্তরাষ্ট্র এ অবনমন এড়াতে পারতো। এসঅ্যান্ডপি অবনমন ঘটালেও বিশ্বের অন্য দুই শীর্ষ ক্রেডিট রেটিং সংস্থা মুডি ও ফিচ শুক্রবার বলেছে, এখনি এ ধরনের কোনো সিদ্ধান্ত তারা নিচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১১৫০ ঘ.