মোগাদিশু, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ায় দুর্ভিক্ষে গত ৯০ দিনে ২৯ হাজারের বেশি শিশু মারা গেছে। এদের বয়স ৫ বছরের কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
সোমালিয়া জুড়ে লাখ লাখ মানুষ মারাত্মক খাদ্য সঙ্কটে আছে। এতে প্রতিদিন ১০ হাজারের মধ্যে দুজনের বেশি মানুষ মারা যাচ্ছে।
ডিসেম্বর পর্যন্ত এ ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে বলে জানিয়েছে খাদ্য ও কৃষি সংগঠন (এফএও)।
দুর্ভিক্ষকবলিত সোমালিরা শুধু খাবারের অভাবে আছে তাই নয় তারা পুষ্টিকর খাবার পাচ্ছে না। আর এটাই আসল সমস্যা বলে জানিয়েছে আল জাজিরা।
সোমালিয়ার আরো তিনটি নতুন এলাকা ইতোমধ্যেই দুর্ভিক্ষের কবলে পড়েছে। আগামী দিনগুলোতে সোমালিয়ার আরো অঞ্চল দুর্ভিক্ষ কবলিত হতে পারে আশঙ্কা করা হচ্ছে।
গত ৬০ বছরের মধ্যে সোমালিয়ায় সবচেয়ে ভয়াবহ এ দুর্ভিক্ষে ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘ জানায়, দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের এখন জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন।
দক্ষিণ সোমালিয়ার অধিকাংশ এলাকাই আল শাবাব জঙ্গিদের নিয়ন্ত্রণে আছে। গত বছর তারা খাদ্য সহয়তা কর্মসূচী নিষিদ্ধ করে এবং বেশ কয়েকটি সাহায্য সংস্থাকে ওই এলাকা থেকে বের করে দেয়। এতে সংকট আরো ঘণীভূত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/১৫৩১ ঘ.
bdnews24