২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক

থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ইংলাক সিনাওয়াত্রা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 09:33 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ব্যাংকক, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ইংলাক সিনাওয়াত্রা। পার্লামেন্টের ভোটে শুক্রবার তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ইংলাক সিনাওয়াত্রা থাইল্যান্ডের সাবেক নির্বাসিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন। ইংলাক একজন ব্যবসায়ী। মাত্র কয়েক সপ্তাহের রাজনৈতিক জীবনে ইংলাক গত মাসে থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে পুয়ে থাই পার্টিকে নেতৃত্ব দিয়ে বিশাল জয় অর্জনে মুখ্য ভূমিকা রাখেন। প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টের এই নির্বাচন দেশটির রাজা ভূমিবল আদুলিয়াদেজ অনুমোদন দেওয়ার পরই ইংলাক তার কাজ শুরু করতে পারবেন। আশা করা হচ্ছে দ্রুতই রাজা ইংলাকের প্রধানমন্ত্রিত্ব অনুমোদন করবেন। ৫০০ আসনের পার্লামেন্টে ইংলাক দ্রুতই ২৫১ জনেওর বেশি আইনপ্রণেতার সমর্থন লাভ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পার্লামেন্টে ভোট চলছিল বলে বিবিসি জানায়। গত মাসে ইংলাকের নেতৃত্বাধীন পুয়ে থাই পার্টি থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে ২৬৫ আসনে জয়ী হয়। ইংলাকের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী অভিসিত ভেজ্জাজিভার নেতৃত্বাধীন ডেমোক্রেটসরা ১৫৯ আসন লাভ করে। ইংলাক পার্লামেন্টে ছয়দলীয় জোটের মোট ৩০০ আসনের নেতৃত্ব দেবেন। শরিক দলগুলোকেও নতুন মন্ত্রিসভায় বেশ কয়েকটি মন্ত্রণালয় ছেড়ে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ইংলাক আইনপ্রণেতাদের বাইরেও কয়েকজনকে মন্ত্রিসভায় স্থান দিতে চান বলে জানা গেছে। ইংলাকের জন্য থাইল্যান্ডের রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রথম কঠিন কাজ হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। গত পাঁচ বছরে দেশটিতে রাজনৈতিক বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে। এরমধ্যে শুধু গত বছরেই 'লাল শার্ট আন্দোলন' খ্যাত সরকারবিরোধী বিক্ষোভে মারা যায় ৯০ জন মানুষ। এখন দেখার অপেক্ষা ৪৪ বছর বয়সী থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতা দূর করে দেশটিতে পুনরায় শান্তি ও অর্থনৈতিক অগ্রগতি ফিরিয়ে আনতে পারেন কি না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫২৭ ঘ.