২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় দমনাভিযান উপেক্ষা করে বিক্ষোভ

সিরিয়ায় রক্তক্ষয়ী দমনাভিযানের মুখেও প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সেনাদের ট্যাংক হামলাও রুখতে পারেনি আন্দোলনের জোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

সিরিয়া, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় রক্তক্ষয়ী দমনাভিযানের মুখেও প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সেনাদের ট্যাংক হামলাও রুখতে পারেনি আন্দোলনের জোয়ার। মানবাধিকার কর্মীরা বৃহস্পতিবার জানায়, অবরুদ্ধ হামা শহরের কেন্দ্রস্থল নিয়ন্ত্রণে আনতে সিরিয়ার সেনারা ট্যাংক হামলা চালিয়ে অন্তত ৪৫ জনকে হত্যা করেছে। তারপরও হামাসহ অন্যান্য শহরে স্বতঃস্ফূর্ত বিক্ষোভে নেমেছে মানুষ। সামাজিক গণমাধ্যমের ওয়েবসাইটগুলোতে পাঠানো ভিডিওচিত্রে দেখা গেছে এ দৃশ্য। নিরাপত্তা বাহিনী বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার সঙ্গে সঙ্গে নতুন করে বিক্ষোভে জড়ো হচ্ছে আরো বিপুল সংখ্যক মানুষ। বুধবার সেনারা ট্যংক নিয়ে হামার মূল চত্বরের দিকে অগ্রসর হয়। ওদিকে. আল হাদের এলাকায় বুধ ও বৃহস্পতিবার দু'দিনে গোলা ও মেশিনগানের গুলিতে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু এ রক্তক্ষয়ের তোয়াক্কা না করে প্রতিবাদে অটল বিক্ষোভকারীরা। সিরিয়ায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলো নতুন করে চালুর আসাদের পদক্ষেপও প্রত্যাখ্যান করেছে আন্দোলনকর্মীরা। আসাদের এ পদক্ষেপ বিক্ষোভ কঠোর হাতে দমনের দিক থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছে তারা। হামা থেকে পাওয়া খবরে সেনাবাহিনীর দমনাভিযানে আরো মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হত্যাযজ্ঞ চলতে থাকলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে সিরিয়ার বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে ফ্রান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫০ঘ.