ঢাকা, অগাস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিচার শুরুর প্রথম দিনে দুর্নীতি ও বিক্ষোভকারীদেরকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক।
বুধবার রাজধানী কায়রোর এক পুলিশ একাডেমির বিশেষ আদালতে মুবারকের বিচার শুরু হয়। কায়রোর কনভেনশন সেন্টারে বিচার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা একাডেমিতে স্থাপিত বিশেষ আদালতে অনুষ্ঠিত হয়।
স্ট্রেচারে শুয়ে আদালতে হাজির হন মুবারক। তার সঙ্গে দুই ছেলে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলি এবং আরো ছয় কর্মকর্তার বিচার হয়েছে। সবাই অভিযোগ অস্বীকার করেছে।
বিচারক আদালতে মুবারকের উপস্থিতি জানান দেওয়ার আহ্বান জানালে, হাত উঁচু করে সাবেক প্রেসিডেন্ট বলেন, "হ্যাঁ, আমি আছি।"
তবে বিচারক অভিযোগের জবাব চাইলে উত্তরে বলেন, "আমি পুরোপুরি সব অভিযোগ অস্বীকার করছি।"
বিচারের সময় পুলিশ একাডেমির নিরাপত্তার দায়িত্বে প্রায় তিন হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়।
মুবারকের বিরুদ্ধে প্রধান অভিযোগ, বিক্ষোভকারীদের হত্যা করা। তবে এ অভিযোগ প্রমাণ করা কষ্টকর হবে বলেই ধারণা করা হচ্ছে।
মিশরে সরকারবিরোধী বিক্ষোভ দমনাভিযানে সরকারি বাহিনীর হাতে প্রায় ৮৫০ জন নিহত হয়েছে-- এ বিষয়টি পরিস্কার হলেও কে এ হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে তা পরিস্কার নয়। এ অভিযোগ প্রমাণ করার মতো কোনো লিখিত বা মৌখিক কমান্ড আছে কিনা তাও জানা যায়নি।
তাছাড়া, হত্যাকাণ্ডগুলো যে উর্দি পরা কর্মকর্তারা চালিয়েছে তাও সরাসরি প্রত্যক্ষ করা যায়নি। বরং রাতের আঁধারে বিভিন্ন বাড়ির ছাদ থেকে বন্দুকধারীদের হামলায় নিহতের ঘটনা ঘটেছে। আর সেকারণেই হত্যাকাণ্ডের জন্য মুবারককে সরাসরি দায়ী করা কঠিন।
বিবিসি জানিয়েছে, আদালতে বিচারকাজ শুরু করেন বিচারক আহমেদ রিফাত। মুবারকের বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনানো হয়। তিনি ও তার ছেলেরা এসব অভিযোগ অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৫ঘ.
bdnews24