২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেমোথেরাপির কারণে চুল হারালেন শ্যাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সোমবার দেশটির টেলিভিশনের পর্দায় ন্যাড়া মাথায় হাজির হয়েছেন। কেমোথেরাপি নেয়ার কারণে ক্যান্সার আক্রান্ত শ্যাভেজ মাথার চুল হারিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

কারাকাস, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সোমবার দেশটির টেলিভিশনের পর্দায় ন্যাড়া মাথায় হাজির হয়েছেন। কেমোথেরাপি নেয়ার কারণে ক্যান্সার আক্রান্ত শ্যাভেজ মাথার চুল হারিয়েছেন। কালো স্যুট ও লাল টাই পরিহিত শ্যাভেজ ক্যান্সার চিকিৎসায় তার চুল হারানোর বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ক্যান্সার আক্রান্ত কোষগুলো দ্রুত বেড়ে যাওয়া রোধে কেমোথেরাপি যে কাজ করছে চুল হারানোই তার প্রমাণ। "এটি আমার নতুন চেহারা," বলে মজা করেন প্রেসিডেন্ট শ্যাভেজ। ঘণ্টাব্যপী ওই টেলিভিশন অনুষ্ঠানে শ্যাভেজ তার শিশুকালের একটি আলোকচিত্র দেখিয়ে বলেন, "আমি আমার ছেলেবেলায় ফিরে যাচ্ছি।" আলোকচিত্রটিতে ছোট চুলের শিশু শ্যাভেজকে দেখা যায়। এরআগে, সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে শুভসকাল ধরনের এক অনুষ্ঠানে ফোন কলের মাধ্যমে তিনি জানান, "গত রাতে আমি একজন নাপিতকে ডেকে এনেছিলাম। তাকে বললাম- দেখো, আমার চুল পড়ে যাচ্ছে, আমি গোসল করতে গিয়েছিলাম, আমি সবসময় যে শ্যাম্পু ব্যবহার করি তা ব্যবহার করলাম আর অনুভব করলাম, যাহ! আমার চুল পড়ে যাচ্ছে।" তিনি জানান, পরীক্ষায় তার শরীরে আর কোন ক্ষতিকর ক্যান্সার কোষ পাওয়া যায়নি। কিন্তু তারপরও কেমোথেরাপি নিতে আরো তাকে দুইবার তাকে কিউবায় যেকে হবে। তবে তিনি জানান নি কোন ধরনের ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন। তার বৃহদন্ত্রে (মলাশয়), না মলনালীতে, না নাকে ক্যান্সার হয়েছে প্রশ্ন করা হলে তিনি জানান, এগুলোর একটাও না। তবে শোনা গেছে শ্যাভেজ বৃহদন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। প্রাক্তন সেনা সদস্য ৫৭ বছর বয়সী শ্যাভেজ অসুস্থতার সময় তার ওজন হারিয়েছেন। তিনি জানান, প্রতিদিন তিনি চল্লিশ কাপেরও বেশি কফি পান করতেন, কিন্তু এখন মাত্র দুই কাপ পান করেন। তিনি হটডগ বাদ দিয়ে সার্ডিন মাছ দিয়ে রুটি খাওয়া শুরু করেছেন বলেও জানান। কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোর ঘনিষ্ঠ বন্ধু শ্যাভেজ। কিউবার রাজধানী হাভানায় জুন মাসে শ্যাভেজের শরীর থেকে টেনিস বল মাপের একটি টিউমার অপসারণ করা হয়। এরপর থেকে মাঝে মাঝেই তাকে হাভানায় চিকিৎসার জন্য যেতে হয়। অসুস্থতার জন্য ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে শ্যাভেজের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে শঙ্কা তৈরি হয়, কিন্তু ইদানিং তাকে বেশ সবল দেখাচ্ছে, এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বলেও জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৬ ঘ.