২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার হামায় আবার ট্যাংক হামলা, নিহত ৪

সিরিয়ার হামায় সোমবার নতুন করে ২য় দিনের মতো ট্যাংক হামলা শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

আম্মান, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---সিরিয়ার হামায় সোমবার নতুন করে ২য় দিনের মতো ট্যাংক হামলা শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ৪ জন। হামিদিয়া আবাসিক এলাকায় এই ৪ জন নিহত হওয়া নিয়ে হামায় সরকারবিরোধী বিক্ষোভ দমনাভিযানে ট্যাংক হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে। রোববার হামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৮০ জন নিহত হওয়ার পর সেখানে ফের এ হামলা হলো। সেনা এবং সাব্বিহা বাহিনীর এলাপাতাড়ি গুলির কারণে শহরটি থেকে কেউ বেরোতে পারছে না বলে জানিয়েছেন এক অধিবাসী। সোমবার খালেদ আদেল আল শেখ মুসা নামের এক অধিবাসীর বাড়িতে সকালের দিকে গোলা হামলায় তিনি নিহত হন। আরেকটি বাড়ি এবং একটি ফার্মেসিও গোলা হামলায় বিধ্বস্ত হয়েছে। সেনারা হামা এবং পূর্বাঞ্চলীয় আদিবাসী প্রদেশ দির আল জোর এ হামলা জোরদার করেছে। দির আল জোর এ সপ্তাহান্তে ট্যাংক হামলায় ২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উত্তরাঞ্চলের এলাকাগুলোতে ট্যাংক হামলা চলছে। ট্যাংক অগ্রসর হচ্ছে কেন্দ্রের দিকে। নিরাপত্তা বাহিনী হামা ঘিরে ফেলেছে। সিরিয়ার সহিংসতার প্রকৃত অবস্থা যাচাই করা খুবই কঠিন। কেননা মার্চ থেকে দেশটিতে সরকারবিরোধী আন্দোলন শুরুর পর সরকার অধিকাংশ আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে নিষিদ্ধ করেছে। এ কারণে সংবাদ সংগ্রহ করা অনেক কঠিন হয়ে পড়েছে। অপর এক প্রত্যক্ষদর্শী রাস্তান থেকে জানান, শহরের প্রধান ক্লিনিক আহত মানুষে ভরে গেছে। কিন্তু ট্যাংক থেকে গোলাবর্ষণের কারণে আহতদের সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে প্রায় আড়াই মাসব্যাপী চলা সরকারবিরোধী এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ১১শ'রও বেশি মানুষ। আন্তর্জাতিক নানা মহল থেকে চাপ সৃষ্টি করা হলেও সিরীয় প্রেসিডেন্ট আসাদ আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন চালিয়েই যাচ্ছেন। দমনপীড়নের জন্য বাশার আল আসাদের পিতা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদও সমালোচিত ছিলেন। ১৯৮২ সালে সিরিয়ায় হামা শহরে সুন্নি মুসলিম সম্প্রদায় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলে তৎকালীন প্রেসিডেন্ট হাফিজের নির্দেশে সেনাবাহিনী কঠোরভাবে সেই বিদ্রোহ দমন করে। এতে প্রাণ হারায় ৩০ হাজার মানুষ। ২০০০ সালে প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ মারা যাওয়ার পর তার স্থালাভিষিক্ত হন বাশার আল আসাদ। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/সিআর/এলকিউ/১৯৫১ঘ.