২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় দমনপীড়নে মর্মাহত ওবামা

সিরিয়ার হামায় নাগরিকদের ওপর সেনা অভিযানে মর্মাহত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই সাথে তিনি দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিচ্ছিন্ন করার জন্য অন্যদের সঙ্গে কাজ করার প্রতিশ্র"তিও দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 07:26 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ওয়াশিংটন, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হামায় নাগরিকদের ওপর সেনা অভিযানে মর্মাহত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই সাথে তিনি দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিচ্ছিন্ন করার জন্য অন্যদের সঙ্গে কাজ করার প্রতিশ্র"তিও দিয়েছেন। রোববার হামায় মেশিনগান ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণে অন্তত ৮০ জন সিরীয় নিহত হয়। হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে ওবামা বলেন, "হামায় ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে প্রতিবেদনগুলো ভয়ানক এবং এগুলো সিরিয়ার বর্তমান সরকারের প্রকৃত চরিত্র তুলে ধরে।" বিবৃতিতে আরো বলা হয়, "প্রেসিডেন্ট আসাদ আবারো প্রমাণ করলেন তিনি সিরিয়ার সাধারণ মানুষের ন্যায়সঙ্গত দাবি পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ এবং অনিচ্ছুক। নির্যাতন, দুর্নীতি ও সন্ত্রাসের এই ব্যবহার তাকে ইতিহাসে এবং জনগণের কাছে নেতিবাচকরূপেই উপস্থাপন করবে।" বিবৃতিতে ওবামা বলেন, সিরিয়ার জনগণই দেশের ভবিষ্যত নির্ধারণ করবে এবং যুক্তরাষ্ট্র তাদের সাথে থাকবে। তিনি আরো বলেন, "গণতন্ত্রে উন্নীত হওয়ার পর সিরিয়া আরো বাসযোগ্য স্থানে পরিণত হবে।" "সেই দিনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র সিরিয়ার সরকারের ওপর চাপ আরো বাড়াবে এবং তা অব্যাহত রাখবে, সেই সাথে সিরিয়ার জনগণের পাশে থেকে আসাদ সরকারকে বিচ্ছিন্ন করার জন্য বিশ্বের অন্যান্যদের সাথে কাজ করবে", বলেন ওবামা। জুলাই মাসের শুরুতে ওবামা বলেছিলেন, "আসাদ তার শাসনের বৈধতা হারিয়েছেন"। তবে ওই সময় তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো থেকে বিরত থাকেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩২২ ঘ.