২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অলৌকিকভাবে বেঁচে গেল ১৬৩ বিমানআরোহী'

বিধ্বস্ত বিমানটি দু'টুকরো হয়ে গেলেও মারা যায় নি কেউ। বিমানের ১৬৩ জন আরোহী সবাই বেঁচে আছেন। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ক্যারিবীয় দেশ গায়ানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 06:32 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

জর্জটাউন, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিধ্বস্ত বিমানটি দু'টুকরো হয়ে গেলেও মারা যায় নি কেউ। বিমানের ১৬৩ জন আরোহী সবাই বেঁচে আছেন। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ক্যারিবীয় দেশ গায়ানায়। শনিবার রাতে দেশটির জর্জটাউনের চেদ্দি জাগান বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ নিহত না হওয়াকে 'অলৌকিক' বলে মন্তব্য করেছেন ক্যারিবিয়ান এয়ারলাইন্সের চেয়ারম্যান জর্জ নিকোলাস। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, "র্জজটাউনে যা ঘটেছে তা সত্যিই অলৌকিক ঘটনা।" নিউ ইয়র্ক থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বোয়িং ৭৩৭-৮০০ বিমান গানায়ার জর্জটাউনের চেদ্দি জাগান বিমানবন্দরে অবতরণের সময় দু টুকরো হয়ে যায়। বিমানটিতে ১৫৭ জন যাত্রী ও ৬ জন ক্রু থাকলেও তাদের মধ্যে কয়েকজন শুধু আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিমানবন্দরে কয়েক ঘণ্টার জন্য কার্যক্রম বন্ধ ছিলো। বিমানের এক যাত্রী বেটসি মিনডিলো বলেন, "অন্ধকারে সবকিছু ছোটাছুটি করছিল। আমার পাশে একটি মেয়ে ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে বসে ছিলো।" অপর যাত্রী মেক্সিন এভারসলি বলেন, "আমি আমার সামনে মৃত্যুকে দেখেছিলাম।" তার স্বামী ও ভাগ্নী বিমানটি বিধ্বস্ত হওয়ার পর লাফ দেওয়ায় আহত হয়। দেশটির প্রেসিডেন্ট ভারাত জাগডেও বলেন, "মৃত্যুর ঘটনা না ঘটায় আমরা ভীষণ কৃতজ্ঞ।" এদিকে ত্রিনিদাদ ও টোবাগো ভিত্তিক ক্যারিবিয়ান এয়ারলাইন্স জানিয়েছে, দুর্ঘটনার কারণ সম্পর্কে তারা কিছু জানে না। জর্জটাউন পাবলিক হাসপাতাল এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় বিমানের পাইলট এডিনবার্গ গারডেনসসহ মোট ৩৫ জনকে চিকিৎসা দিয়েছে তারা। গায়ানায় গ্রীষ্মকালীন এই মৌসুম বরাবরই ভ্রমণজনিত কারণে ব্যস্ততম সময়। কারণ বিদেশে থাকা গায়ানার লোকজন ছুটি কাটাতে এসময় দেশে ফেরে। ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১৯৯৬ সাল থেকে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমান যাত্রী পরিবহন শুরু করেছে। আর ইতোমধ্যে এই মডেলের বিমান ৮টি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে, যাতে প্রাণ হারিয়েছে ৫২৫ জন মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২২১ ঘ.