২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ সঙ্কট: মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট পিছালো

যুক্তরাষ্ট্রে কট্টর রিপাবলিকানদের বিরোধিতার কারণে ঋণসীমা বাড়াতে জন বোয়েনারের দেওয়া প্রস্তাব নিয়ে প্রতিনিধি পরিষদে ভোট পিছিয়ে গেছে। ফলে সহসাই কাটছে না ঋণ সঙ্কট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ওয়াশিংটন, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---যুক্তরাষ্ট্রে কট্টর রিপাবলিকানদের বিরোধিতার কারণে ঋণসীমা বাড়াতে জন বোয়েনারের দেওয়া প্রস্তাব নিয়ে প্রতিনিধি পরিষদে ভোট পিছিয়ে গেছে। ফলে সহসাই কাটছে না ঋণ সঙ্কট। রিপাবলিকান নেতারা বৃহস্পতিবার ঘাটতি হ্রাস পরিকল্পনা পেশ করে। বাজেটে ১০ বছরে ৯১৭ বিলিয়ন ডলার ব্যয় কাটছাঁট এবং ঋণ গ্রহণের সীমা ৯০০ বিলিয়ন ডলার বাড়ানোর প্রস্তাব দেন হাউজ স্পিকার জন বোয়েনার। কিন্তু কট্টর রিপাবলিকানরা খরচ আরো বেশি কমানোর দাবি জানিয়েছে। ফলে তাদের ভোট পাওয়ার জন্য পরিকল্পনাটি আবার নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে বোয়েনারকে। বৃহস্পতিবার প্রথমে কয়েক ঘণ্টার জন্য ভোট পিছিয়ে যায়। পরে রিপাবলিকান প্রতিনিধি কেভিন ম্যাককার্থি কোনো ভোট হবে না বলে ঘোষণা দেন। ভোট পিছিয়ে যাওয়ায় নতুন করে হোঁচট খেলো নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের দেনা পরিশোধে ব্যর্থতা ঠেকানোর চেষ্টা। ২ আগস্টের মধ্যে ঋণ গ্রহণের সীমা ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার থেকে আরো বাড়াতে না পারলে সরকার বিভিন্ন খাতে বিলসহ ঋণের কিস্তি পরিশোধ করতে পারবে না। অর্থনীতির জন্য তা হবে বিপর্যয়কর। রাজকোষের নগদ অর্থ ফুরিয়ে দেশ আবারো ফিরে যাবে অর্থনৈতিক মন্দাদশায়। এর নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব বাজারে। ওদিকে, ক্রেডিট রেটিংয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান নেমে যাবে নীচে। যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ দেশের এ দুরাবস্থার ব্যাপারে ইতোমধ্যেই সতর্ক করে দিয়েছে। ওদিকে, হাউজ ডেমোক্র্যাটিক নেতা ন্যান্সি পেলোসি দেশকে অর্থনৈতিক দুর্দশার মুখে ঠেলে দেওয়ার জন্য রিপাবলিকানদের দোষারোপ করছেন। অবিলম্বে ভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছেন তিনি। বাজেট ঘাটতি কমানোর সবচে ভালো উপায় কি হতে পারে তা নিয়েই মূলত বিরোধ কাটছে না ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে। যুক্তরাষ্ট্রের ঋণসীমা এর আগে নিয়মিতই বাড়লেও এ বছর এতে বাধ সেধেছে রিপাবলিকানরা। বাজেট ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণ না কমিয়েই ঋণ বাড়ানোর বিরোধিতা করছে কট্টর রিপাবলিকানরা। ফলে ঋণসীমা বড়ানো নিয়ে সমঝোতা হচ্ছে না। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট বারাক ওবামাকে একাই ঋণসীমা বাড়ানোর আহ্বান জানাচ্ছেন ডেমোক্র্যাটদের কেউ কেউ। কিন্তু হোয়াইট হাউস এ ধরনের কোনো পদক্ষেপ নিতে নারাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২২ঘ.