নিকোশিয়া, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নৌঘাঁটিতে বিস্ফোরণের জের ধরে সাইপ্রাসের প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানাবেন।
বৃহস্পতিবার মন্ত্রিসভার নির্ধারিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানাবেন বলে জানিয়েছেন সাইপ্রাস সরকারের এক মুখপাত্র।
এরআগে, সাইপ্রাসের দ্বিদলীয় সরকারী জোটের ক্ষুদ্র অংশীদার দলটি মন্ত্রিসভার স্বদলীয় সদস্যদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছে বলে বুধবার জানা যায়।
গত ১১ জুলাই দক্ষিণ সাইপ্রাসের প্রধান নৌঘাঁটি ইভানজেলস ফ্লোরাকিসে এক ভায়বহ বিস্ফোরণে দেশটির নৌবাহিনীর প্রধানসহ ১৩ জন নিহত হয়।
বিস্ফোরণে দেশটির প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন ধরে গেলে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে ও দেশের মোট বিদ্যুতের ৫৩ শতাংশের উৎপাদন বন্ধ হয়ে যায়।
জঙ্গলে লাগা আগুন থেকে খোলা জায়গায় জড়ো করে রাখা বিস্ফোরকে আগুন ধরে গেলে ওই দুর্ঘটনা ঘটে। এতে নৌঘাঁটির আশপাশের এলাকারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দেশটির জনগণ সরকারকেই দায়ী করে। তারা সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নেমে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৭ ঘ.
bdnews24