লন্ডন, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেন বুধবার লিবিয়ার বিদ্রোহীদের দেশটির বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। একইসঙ্গে লন্ডনে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি সরকারের কূটনীতিকদেরও বহিস্কার করা হচ্ছে।
এর পরিবর্তে লিবিয়ার বিদ্রোহী পরিষদ 'ন্যাশনাল ট্র্যান্সিশনাল কাউন্সিল' কে নতুন কূটনৈতিক দূত নিয়োগ করার অনুরোধ জানাবে যুক্তরাজ্য।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দিয়ে বলেছেন, "এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ন্যাশনাল ট্র্যান্সিশনাল কাউন্সিলের বৈধতা, কাজ পরিচালনায় তাদের দক্ষতা এবং দেশজুড়ে জনগণের কাছাকাছি পৌঁছানোয় তাদের সফল হওয়ারই বহিঃপ্রকাশ ঘটেছে।"
তিনি বলেন, ব্রিটেনে লিবিয়া সরকারের কূটনীতিকদের বদল করার জন্য লন্ডন বিদ্রোহী পরিষদকে আহ্বান জানানোর পাশাপাশি সম্প্রতি জব্দ করা লিবিয়ার কিছু তহবিল মুক্ত করে দিচ্ছে।
লিবিয়ার বিদ্রোহীরা দীর্ঘদিন থেকেই বিদেশে জব্দ সম্পত্তি বেনগাজি প্রশাসনের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।
লিবিয়ার আরব উপসাগরীয় একটি তেল কোম্পানির অনুরোধে শেষ পর্যন্ত যুক্তরাজ্য ৯১ মিলিয়ন পাউন্ডের তহবিল মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান হেগ।
জাতিসংঘ শান্তি দূত লিবিয়া সঙ্কট নিরসনের চেষ্টায় সরকার এবং বিদ্রোহী দুপক্ষের সঙ্গে আলোচনায় ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার পর ব্রিটেন এ ঘোষণা দিলো।
লিবিয়ার বিদ্রোহীদের এর আগে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আরো ২৫ টি দেশ।
তবে রাশিয়া এ পদক্ষেপের সমালোচনা করছে। এর মধ্য দেশগুলো লিবিয়াকে বিচ্ছিন্ন করার নীতি নিয়েছে এবং গৃহযুদ্ধকে সমর্থন করছে বলে রাশিয়া অভিযোগ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/২১৫৩ঘ.
bdnews24