২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিশ্বের ২শ' কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত'

বিশ্বের প্রায় ২শ' কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত, যা মোট জনগোষ্ঠীর একতৃতীয়াংশ। প্রতিবছর হেপাটাইটিসজনিত রোগে বিশ্বের প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

জেনেভা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের প্রায় ২শ' কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত, যা মোট জনগোষ্ঠীর একতৃতীয়াংশ। প্রতিবছর হেপাটাইটিসজনিত রোগে বিশ্বের প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়। জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানায়। জাতিসংঘ ঘোষিত বিশ্ব হেপাটাইটিস দিবসকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাতিসংঘ ২৮ জুলাইকে বিশ্ব হেপাটাইটিস দিবস ঘোষণা করেছে। ভাইরাস বাহিত এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ বছর প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হবে। রোগটি সম্পর্কে সতর্কবাণী উচ্চরণ করে ডব্লিউএইচও জানিয়েছে, আক্রান্ত বেশিরভাগ মানুষই জানে না তারা ভাইরাসটিতে আক্রান্ত। এভাবে নিজের অজান্তেই আক্রান্ত ব্যক্তি ভাইরাসটি অন্যদের মাঝে ছড়িয়ে দেয়। আর শরীরে থাকা ভাইরাসটি যে কোন সময় সক্রিয় হয়ে আক্রান্তকারীকে মেরে ফেলতে পারে বা তাকে শারীরিকভাবে অক্ষম করে ফেলতে পারে। সম্মেলনে ডব্লিউএইচও'র হেপাটাইটিস বিশেষজ্ঞ স্টিভেন ওয়েসম্যা বলেন, "এটি একটি দীর্ঘমেয়াদী রোগ, তা সত্বেও বিশ্বব্যাপী এ রোগটি সম্পর্কে সচেতনতা অত্যন্ত কম। এমনকি স্বাস্থ্যকৌশল প্রণয়নকারী দপ্তরগুলোও এ ব্যাপারে উদাসীন।" তিনি জানান, লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের জন্য প্রধানত দায়ী হেপাটাইটিস। রোগটি বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ার সামর্থ্য রাখে বলেও জানান তিনি। পাঁচ ধরনের ভাইরাস হেপাটাইটিস রোগটির জন্য দায়ী। এগুলোকে ইংরেজি এ, বি, সি, ডি এবং ই দিয়ে চিহ্নিত করা হয়। এগুলো সাধারণত দূষিত পানি ও খাবারের মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে, যৌনবাহিত হয়ে বা আক্রান্তের শরীরস্থ কোন তরলের সংস্পর্শে ছড়িয়ে পড়ে। ডব্লিউএইচও'র প্রকাশিত নতুন এক প্রতিবেদন থেকে জানা যায়, পাঁচটি ভাইরাসের মধ্যে 'বি' ভাইরাসটি সবচেয়ে সাধারণ। ভাইরাসটি আক্রান্ত মায়ের শরীর থেকে নবজাতক বা দুগ্ধপোষ্য শিশুর মধ্যে বাহিত হতে পারে। এছাড়া দূষিত সিরিঞ্জের মাধ্যমে মাদকগ্রহণকারীরদের মাঝে ভাইরাসটির ছড়িয়ে পড়ার প্রবল সম্ভবনা আছে । 'ই' ভাইরাসটি সাধারণত দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়িয়ে থাকে। ডব্লিউএইচও'র মতে উন্নয়নশীল দেশগুলোতে হেপাটাইটিস ছড়িয়ে পড়ার জন্য 'ই' ভাইরাসটি প্রধানত দায়ী। উন্নত অর্থনীতির দেশগুলোতেও এর সংক্রমণ ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি আরো জানিয়েছে, 'এ' ও 'বি' ভাইরাসের কার্যকরী ভ্যাকসিন বাজারে পাওয়া যায়। এটি 'ডি' এর সংক্রমণেও ব্যবহার করা যায়, আর 'ই' ভাইরাসের ভ্যাকসিন তৈরি হলেও এখনও সহজলভ্য হয়ে ওঠে নি। 'সি' ভাইরাসের কোন ভ্যাকসিন এখনও তৈরি করা যায়নি। রোগটি প্রতিরোধে ও নিয়ন্ত্রণে এখনও অনেক কিছু করা বাকি বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০৫ ঘ.