২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রাণ বাঁচাতে কিশোরেরা পানিতে ঝাঁপ দিয়েছিল'

নরওয়ের উটোইয়ায় দ্বীপে পুলিশের পোশাক পরিহিত হামলাকারীর গুলিবর্ষণ থেকে বাঁচতে সেখানে উপস্থিত অনেক কিশোর-কিশোরী পাশের হ্রদের পানিতে ঝাঁপিয়ে পড়েছিল, কেউ কেউ চিৎকার করে দৌড়ে পালিয়ে বাঁচতে চেয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 05:59 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

নেসল্যান্ডেট, নরওয়ে, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের উটোইয়ায় দ্বীপে পুলিশের পোশাক পরিহিত হামলাকারীর গুলিবর্ষণ থেকে বাঁচতে সেখানে উপস্থিত অনেক কিশোর-কিশোরী পাশের হ্রদের পানিতে ঝাঁপিয়ে পড়েছিল, কেউ কেউ চিৎকার করে দৌড়ে পালিয়ে বাঁচতে চেয়েছিল। কিন্তু উপস্থিত ৫শ' থেকে ৭শ' কিশোর-কিশোরীর মধ্যে ৮০ জন বন্দুকধারীর গুলিতে মারা যায়। যাদের বয়স ১৪ থেকে ১৯ বছরের মধ্যে। নরওয়ের ক্ষমতাসীন লেবার পার্টির যুব শাখা ওয়ার্কার্স ইয়ুথ লিগ দ্বীপটিতে একটি গ্রীষ্মকালীন ক্যাম্প পরিচালনা করছিল। সেখানেই হামলা চালায় আন্দ্রেই বেহেরিক ব্রেইভিক নামের ৩২ বছর বয়স্ক নরওয়েজিয়ান ওই বন্দুকধারী। রাজধানী ওসলোর উত্তরপশ্চিমে হ্রদের মধ্যে পাইন গাছে ছাওয়া উটোইয়া দ্বীপটি প্রায় ৫শ' মিটার লম্বা। দ্বীপটি ওয়ার্কার্স ইয়ুথ লিগেরই মালিকানাধীন। এই হামলার মাত্র কিছুক্ষণ আগেই দেশটির রাজধানী ওসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে বোমা বিস্ফোরণের ৭ জন নিহত হয়। উটোইয়া দ্বীপের কয়েকশ' মিটার দূরে টাইরিফজোর্ড লেকপাড়ের বাসিন্দা ৪২ বছর বয়স্ক প্রত্যক্ষদর্শী আনিতা লিয়েন বলেন, "আমি দেখলাম লোকজন পানিতে লাফিয়ে পড়ছে, প্রায় ৫০ জন সাঁতার কেটে তীরের দিকে আসছে। কান্নারত লোকজনের শরীর ভয়ে কাঁপছিল।" "তারা বয়সে খুবই তরুণ। ১৪ থেকে ১৯ বছর বয়সী হবে", বলেন লিয়েন। গুলির শব্দ শুনে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিবর্ষণ বলেই মনে হয়েছে বলে জানান লিয়েন। ক্যাম্পের এক প্রহরী জানান, অস্ত্রধারী দ্বীপে প্রবেশ করতে পুলিশের পোশাক পড়ে চাতুরির আশ্রয় নেয়। সে একটি রুপালি ছাই রংয়ের গাড়ি চালিয়ে লেক পাড়ে আসে। "সে গাড়ি থেকে নেমে তার পরিচয়পত্র দেখায়, আর বলে নিরাপত্তা তদারকিতে তাকে এখানে পাঠানো হয়েছে। এ থেকেই পরিষ্কার বোঝা যায় সে অসলোর হামলার সাথে সমন্বয় করেই এখানে আসে", নরওয়ের দৈনিক ভার্দেনস গ্যাঙ্গ কে বলেন মর্টেনসেন নামের ওই প্রহরী। "সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, একটি বোট ডাকা হলো আর সেটিতে চড়ে সে দ্বীপে চলে গেলো। এর কয়েক মিনিট পরেই আমরা গুলির শব্দ শুনতে পেলাম।" মূলভূখন্ড থেকে হামলার দৃশ্য প্রত্যক্ষকারী এক কিশোর যুক্তরাজ্যের স্কাই টেলিভিশনকে জানায়, "আমরা শুনলাম লোকজন চিৎকার করছে, চিৎকারের সেই শব্দ ছিল ভয়াবহ, এরপর দেখলাম দ্বীপ থেকে ঢেউয়ের মতো লোকজন তীরের দিকে সাঁতরে আসছে"। পুলিশ জানিয়েছে, তারা দ্বীপটি থেকে অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে। পুলিশ সন্দেহ করছে দ্বীপে হামলাকারী বন্দুকধারী ওসলোর বোমা পুঁতে রাখার সাথে জড়িত। হামলাকারী নরওয়েজিয়ান আদিবাসী বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় লেকপাড়ের বাসিন্দারা তাদের বোট দিয়ে বিপদগ্রস্ত লোকজনকে দ্বীপটি থেকে সরিয়ে নিতে ও পানি থেকে তুলতে সাহায্য করে। প্রচুর পুলিশ কুকুর নিয়ে স্থানটিতে তল্লাশি চালাচ্ছে। আরো নিহত বা আহতদের উদ্ধার করতে বোট ও হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। প্রচুর অ্যাম্বুলেন্স হ্রদের পাশে অপেক্ষা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৫৬ ঘ.