২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আঞ্চলিক ইস্যুতে ভারতের নেতৃত্ব দেওয়া উচিত'

আঞ্চলিক ইস্যুতে ভারতের এখন নেতৃত্ব দেওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ লক্ষ্যে এশিয়ায় নয়াদিল্লিকে শক্তিশালী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

চেন্নাই, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আঞ্চলিক ইস্যুতে ভারতের এখন নেতৃত্ব দেওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ লক্ষ্যে এশিয়ায় নয়াদিল্লিকে শক্তিশালী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাইয়ে দেয়া এক ভাষণে হিলারি একথা বলেন। হিলারি বলেন, ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাবকে রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত। আর চীনের ক্রমবর্ধমান শক্তির বিপরীতে এশিয়ায় ভারতের এ ভূমিকাকে ওয়াশিংটন স্বাগত জানাবে বলেও নিশ্চয়তা দেন তিনি। প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানকে জঙ্গি দমনে প্রয়োজনীয় সমর্থন ও সাহায্য দেওয়া, মিয়ানমারের রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়ে ভূমিকা রাখতে, শ্রীলংকা ও নেপালে রাজনৈতিক অগ্রগতির বিষয় তদারকি করতে এবং ক্রমোন্নয়নশীল প্রতিবেশী বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ মিত্রতা গড়ে তোলার জন্য ভারতের প্রতি আহ্বান জানান হিলারি। তিনি বলেন, "আমাদের নিজেদের দিকে এখন তাকিয়ে থাকার সময় নয়, এখন সময় বাইরের দিকে তাকানোর। একুশ শতকের সুযোগগুলো ব্যবহার করার এটাই উপযুক্ত সময় এবং এখন সময় নেতৃত্ব দেওয়ার"। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হিলারির এ ভাষণকে এই শতকে ওয়াশিংটনের দৃষ্টিতে ভারত-যুক্তরাষ্ট্র সহযোগিতার রূপরেখা হিসেবেই বিবেচনা করছেন। উভয়ের এ মিত্রতা চীনের বর্ধমান প্রভাবের বিপরীতে এশিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে আশা করছে দেশদু'টি। হিলারি আরো বলেন, "আমরা বাজি ধরে বলতে পারি, ভারতের বহুদলীয় গণতন্ত্র ভারতের জনগণের জন্য সুফল বয়ে আনবে, আর উদারতা ও সহনশীলতার এ পথে অন্যরাও উদ্বুদ্ধ হবে"। "আমরা মনে করি, ভারত ও যুক্তরাষ্ট্র এ অঞ্চলের ভবিষ্যৎ প্রশ্নে একই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে"। ২০১০ এর নভেম্বরে ভারত সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতের প্রার্থিতায় প্রকাশ্যে সমর্থন জানান। আর যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আরো সরব অংশীদার হিসেবে পেতে চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৮ ঘ.