ব্যাংকক, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-থাইল্যান্ডের ফেতচাবুড়ি প্রদেশে মিয়ানমার সীমান্তে মঙ্গলবার ৯ জন আরোহীসহ থাইল্যান্ডের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
রোববার বিধ্বস্ত হওয়া আরেকটি হেলিকপ্টারের পাঁচ সেনার লাশ উদ্ধারে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
সেনা কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের তৈরি ব্ল্যাক হক হেলিকপ্টারটি অন্ধকারের কারণে বিধ্বস্ত হয়। এর ফলে দুটি হেলিকপ্টারের ১৪ আরোহী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
হেলিকপ্টারটিতে টেলিভিশন চ্যানেলের একজন চিত্রগ্রাহক ও আটজন সেনা কর্মকর্তা ছিল।
সেনাবাহিনীর মুখপাত্র সানসের্ন কায়েকামনার্দ বলেন, "বেশ কিছু লোক হেলিকপ্টার বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। তবে আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা যায়নি।"
থাইল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা এর আগেও ঘটেছে। ২০০৮ সালে যান্ত্রিক ত্র"টি ও খারাপ আবহাওয়ার কারণে তিনটি বেল ইউএইচ-ওয়ানএইচ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩৫ঘ.
bdnews24