ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তির মধ্য দিয়ে স্বায়ত্ত্বশাসিত অঞ্চল পেল ভারতের গোর্খারা।
ভারতের কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও গোর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) মধ্যে সোমবার এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।
ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, এর আওতায় গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন (জিটিএ) নামে স্বশাসিত পরিষদ গঠন করা হবে। এটি তিনটি পার্বত্য মহকুমা দার্জিলিং, কালিম্পং ও কার্সিয়াংয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করবে।
দার্জিলিংয়ের শিলিগুড়ি মহকুমা শহর থেকে ১০ কিলোমিটার দূরে কার্সিয়াংয়ের সুকনার বনবাংলো পিনটেল ভিলেজে এই ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি, পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্রসচিব জি ডি গৌতম ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে যুগ্ম স্বরাষ্ট্রসচিব কেশব পাঠক।
এ সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও মোর্চা প্রধান বিমল গুরুং উপস্থিত ছিলেন। চিদাম্বরম ও মমতা জিটিএকে সব ধরনের সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
চুক্তির আওতায়, জিটিএতে ৪৫ জন নির্বাচিত এবং পাঁচ জন মনোনীত সদস্য থাকবেন। কেন্দ্রীয় সরকার গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের উন্নয়নকাজের জন্য তিন বছরে ৬০০ কোটি রুপি দেবে।
এ ছাড়া ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত দার্জিলিং পার্বত্য পরিষদের তুলনায় এই নতুন পরিষদের ক্ষমতা বেশি হবে। পর্যটন, কৃষি ও জনস্বাস্থ্যের পাশাপশি স্কুল ও কলেজ শিক্ষক কমিশনের ওপর প্রস্তাবিত পরিষদের থাকবে পূর্ণ নিয়ন্ত্রণ। প্রথম শ্রেণী ছাড়া সব ধরনের চাকরির নিয়োগ দেওয়ার ক্ষমতাও থাকবে জিটিএ'র।
দীর্ঘদিন ধরেই গোর্খা জনমুক্তি মোর্চা একটি আলাদা রাজ্য গঠনের দাবি জানিয়ে আসছে। অবশ্য সোমবার মমতা বন্দোপাধ্যায় তাদের এ দাবি নাকচ করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/পিডি/২২৫৪ ঘ.
bdnews24