ইস্তাম্বুল, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার বিদ্রোহী পরিষদ ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলকে (টিএনসি) দেশটির বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শুক্রবার বলেছেন, লিবিয়ায় পরিপূর্ণভাবে জনপ্রতিনিধিত্বশীল একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র বেনগাজির বিদ্রোহী পরিষদ টিএনসি কেই দেশটির বৈধ প্রশাসনিক কর্তৃপক্ষ হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে কাজ করে যাবে।
তিনি বলেন, "টিএনসি রাজনৈতিক এবং ভৌগলিক দিক থেকে সামগ্রিক একটি গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিসহ গুরুত্বপূর্ণ কিছু আশ্বাস দিয়েছে।"
"লিবিয়ায় গাদ্দাফি প্রশাসনের আর কোনো বৈধ ক্ষমতা আছে বলে যুক্তরাষ্ট্র মনে করে না," বলেন হিলারি।
ইস্তাম্বুলের বৈঠকে ৩২ জাতি 'লিবিয়া কনটাক্ট গ্রুপ' লিবিয়ার বিদ্রোহীদেরকে দেশটির জনগণের বৈধ প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দেওয়ার পর হিলারিও আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি ঘোষণা করলেন।
তার এ ঘোষণাকে করতালি দিয়ে স্বতঃস্ফুর্তভাবে স্বাগত জানিয়েছে কনটাক্ট গ্রুপের প্রতিনিধিরা।
লিবিয়া কনটাক্ট গ্রুপে আছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগের দেশগুলো।
তাদের এ স্বীকৃতিতে গাদ্দাফির বিরুদ্ধে অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে লিবিয়ার বিদ্রোহীদের হাত আরো শক্তিশালী হলো।
শুক্রবার কনটাক্ট গ্রুপের বৈঠকের চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রশাসন বৈধতা হারিয়েছে। গাদ্দাফিসহ তার পরিবারের কয়েকজন সদস্যকে সরে যেতে হবে।
হিলারি বলেছেন, লিবিয়া সঙ্কট সমাধানে যে কোনো চুক্তিতেই গাদ্দাফির ক্ষমতা থেকে সরে দাঁড়ানো এবং সহিংসতা বন্ধের শর্ত থাকতে হবে।
তিনি বলেন, জনগণ গাদ্দাফির বিদায় চায়। তিনি ক্ষমতা ছাড়বেন কিনা প্রশ্ন সেটি নয় বরং কখন ক্ষমতা ছাড়বেন প্রশ্ন সেটিই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৭ঘ.
bdnews24