২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

প্রায় এক দশকের যুদ্ধের পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম দফায় সাড়ে ছয়শ' মার্কিন সেনা দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

কাবুল, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রায় এক দশকের যুদ্ধের পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম দফায় সাড়ে ছয়শ' মার্কিন সেনা দেশে ফিরেছেন। আগামী বছরের মধ্যে আফগানিস্তানে নিয়োজিত এক লাখ মার্কিন সেনার এক তৃতীয়াংশ দেশে ফিরিয়ে নিতে প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনার অংশ হিসেবে এ প্রত্যাহার শুরু হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এখনই সেনা প্রত্যাহার না করার সুপারিশ করলেও দেশে রাজনৈতিক বিরোধিতার মুখে গত জুনে সেনা প্রত্যাহারের ওই ঘোষণা দেন ওবামা। তার ঘোষণা অনুযায়ী, এ বছরের শেষ নাগাদ প্রথম ১০ হাজার সেনা সদস্য দেশে ফিরবেন। আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসেসট্যানস ফোর্সের (আইএসএএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ওয়েইন পেরি বলেন, প্রায় ৬৫০ জন সেনা সদস্য আফগানিস্তানে দায়িত্ব পালন শেষে বুধবার দেশে ফিরেছেন। তাদের জায়গায় আর কাউকে পাঠানো হবে না। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী চলতি গ্রীষ্মেই বিদেশি বাহিনীর কাছ থেকে সাতটি এলাকার দায়িত্ব বুঝে নেবে বলে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালের শেষ নাগাদ পুরো দেশের নিরাপত্তার দায়িত্বই তাদের নেওয়ার কথা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় ২ হাজার ৭৫৩ জন নিহত হয়। ওই হামলায় জড়িত সন্দেহভাজন আল-কায়েদা সদস্যদের গ্রেপ্তারে ওই বছর ৭ অক্টোবর আফগানিস্তানে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই অভিযান শুরুর পর আফগানিস্তানে এ পর্যন্ত দেড় হাজার মার্কিন সেনা নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৯৫৭ ঘ.