২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের সদস্য হলো দক্ষিণ সুদান

জাতিসংঘ সাধারণ পরিষদ বৃহস্পতিবার নতুন রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী দক্ষিণ সুদানকে ১৯৩তম সদস্য হিসাবে স্বীকৃতি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

জাতিসংঘ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ সাধারণ পরিষদ বৃহস্পতিবার নতুন রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী দক্ষিণ সুদানকে ১৯৩তম সদস্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। ১৫ জাতি নিরাপত্তা পরিষদে এক প্রস্তাবনায় দক্ষিণ সুদানকে জাতিসংঘ সদস্যপদ দেওয়ার সুপারিশের পর দেশটিকে সদস্য রাষ্ট্র করে নেওয়া হলো। জাতিসংঘের টুইট-এ একথা জানানো হয়েছে। গত ৯ জুলাই শনিবার দক্ষিণ সুদান নামে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে সুদানের দক্ষিণ অংশ। গত জানুয়ারিতে সুদানের দক্ষিণ অংশে অনুষ্ঠিত গণভোটের মধ্য দিয়ে নতুন এ রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে। অখন্ড সুদানের দুই অংশ উত্তর ও দক্ষিণের মধ্যে ২০ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অবসানে ২০০৫ সালে একই দেশের বিভক্ত হয়ে পড়া দুই অংশের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতেই স্থির করা হয়েছিলো, বিবাদমান এলাকার জনগণের ভোটেই নির্ধারিত হবে এলাকাটির ভবিষ্যৎ। গণভোটে জনতা স্বাধীনতার পক্ষে নিরঙ্কুশ রায় দেয়। নিশ্চিত হয় নতুন রাষ্ট্রের জন্ম। নাম হয় দক্ষিণ সুদান। ১৯৫৬ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় আফ্রিকার সবচেয়ে বড় দেশ সুদান। কিন্তু স্বাধীনতার আগে থেকেই উত্তর অংশের আরবিভাষী মুসলিম সুদানীদের সঙ্গে খ্রিস্টান বা ঐতিহ্যগত বিশ্বাসে আস্থাশীল দক্ষিণের কালো আফ্রিকানদের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো। যা পরে এক ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। গৃহযুদ্ধে দুপক্ষের প্রায় ১৫ লাখ মানুষ প্রাণ হারায়। জাতিসংঘের সদস্যপদ যে কোন রাষ্ট্রের জন্যই গুরুত্বপূর্ণ এবং মার্যাদাকর। সর্বশেষ মন্টিনিগ্রো জাতিসংঘ সদস্যপদ লাভ করেছে ২০০৬ সালে। কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার ভেটোর কারণে তাইওয়ান এবং কসোভো জাতিসংঘের সদস্যপদ পায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৪২ঘ.