২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৫ ফরাসি সেনা নিহত

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় একজন বেসামরিক নাগরিকসহ অন্ততপক্ষে ৫ ফরাসি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে আত্মঘাতী হামলায় একজন বেসামরিক নাগরিকসহ অন্ততপক্ষে ৫ ফরাসি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। এ ঘটনায় আরো চার ফরাসি সেনা গুরুতর আহত হয়েছে বলে আল জাজিরা জানায়। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় তাগাব উপত্যকার জয়বার এলাকায় বুধবার এ হামলার ঘটনা ঘটে বলে ফরাসি প্রেসিডেন্ট সারকোজি এক বিবৃতিতে জানান। আগের দিন মঙ্গলবার তিনি আফগানিস্তানে এক সংক্ষিপ্ত সফর শেষ করে ফ্রান্সে ফিরে আসেন। ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ থেকে পাঠানো ওই বিবৃতিতে সারকোজি বলেন, "তাগাব উপত্যকায় একটি পরিষদের বৈঠকের নিরাপত্তার দায়িত্ব পালন করছিল ফরাসি সেনারা। তখন এক জঙ্গি সেনাদের কাছাকাছি শরীরের সাথে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়"। বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে ঘটনাটিকে 'কাপুরুষোচিত' বলে উল্লেখ করেন সারকোজি। এ হামলা আফগানিস্তানে ন্যাটো অভিযানে ফরাসিদের অংশগ্রহণে কোন প্রভাব ফেলবে না এবং ন্যাটোর অংশ হিসেবে ফ্রান্স তার দায়িত্ব পালন করে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ২০০৮ সালের পর এ হামলাই আফগানিস্তানে মোতায়েন ফরাসি সেনাদের ওপর চালানো সবচেয়ে বড় হামলা। আফগানিস্তানে অবস্থানরত ফরাসি সেনাদের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটে ২০০৮ সালের ১৮ অগাস্ট। কাবুলের পূর্বাঞ্চলীয় সারোবি জেলায় ফরাসি সেনা টহল দলের ওপর তালেবান জঙ্গিদের চালানো চোরগোপ্তা হামলায় ১০ সেনা নিহত ও ২১ জন আহত হয়। আফগানিস্তান থেকে ফরাসি সেনাদের ফিরিয়ে নেওয়ার জন্য ফ্রান্স সরকারের ওপর জনগণের চাপ ক্রমশ বাড়ছে। প্রেসিডেন্ট সারকোজি গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন আগামী বছরের মধ্যে আফগানিস্তান থেকে সব ফরাসি সেনা দেশে ফিরিয়ে আনা হবে। আফগানিস্তানে ন্যাটো মিশনের তথ্যানুযায়ী, দেশটি ৩ হাজার ৯শ' ফরাসি সেনা অবস্থান করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩২ ঘ.