ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ে পরপর তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর ভারতের রাজধানী নয়াদিল্লি, ব্যাঙ্গালোর ও চেন্নাইয়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, শীর্ষ কর্মকর্তারা শহরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
"নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তারা রাস্তায় রাস্তায় নিরপত্তা পরিস্থিতি তদারকি করছে। সারা শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।"
তিনি জানান, বিভিন্ন মল, সিনেমা হল, পার্ক ও রেল স্টেশনের মতো জনসমাগমস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা রাস্তায় চলাচলকারীদের তল্লাশি করছে।
বিকেল ৬টা ৫৪ মিনিটে প্রথম বোমাটি বিস্ফোরিত হয় দক্ষিণ মুম্বাইয়ের জাভেরী বাজারের একটি স্বর্ণালঙ্কারের দোকানে। এক মিনিট পর দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় দক্ষিণ মুম্বাইয়েরই ওপেরা হাইজে। ৭টা ছয় মিনিটে মুম্বাইয়ের কেন্দ্রস্থল পশ্চিম দাদারের কবুতর খানা নামক জায়গায় একটি বাস স্টপে একটি গাড়িতে তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
গত মাসে রাজধানী দিল্লির হাই কোর্টের বাইরে ক্ষুদ্র একটি বিস্ফোরণের পর সেখানে কিছু মাত্রায় আতঙ্ক বিরাজ করে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৪৯ ঘ.
bdnews24