জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালিকে ঋণের বোঝা কমানোর জন্য ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইমএফ)।
ইউরোজোনের মধ্যে পরবর্তী দেশ হিসেবে ইতালি ঋণ সংকটে জর্জরিত হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় আইএমএফ এ আহ্বান জানালো।
ইতালি সরকার এখন ব্যয়সঙ্কোচন বাজেট পরিকল্পনা নিয়ে এগুচ্ছে।
বিবিসি জানিয়েছে, তিনবছরে ৪৮ বিলিয়ন ইউরো বাজেট হ্রাসের প্রস্তাব দিয়েছেন ইতালির অর্থমন্ত্রী গিউলিও ত্রিমোন্ত্রি।
একইসঙ্গে ২০১৪ সাল নাগাদ ঘাটতি শুন্যের কোঠায় নামিয়ে আনারও লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।
আইএমএফ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির ব্যয়সঙ্কোচন পরিকল্পনা চূড়ান্তভাবে বাস্তবায়ন করাটা জরুরি।
এতে আরো বলা হয়, ইতালির কর পুনর্গঠন পরিকল্পনায় পরিপূর্ণতার অভাব আছে। এ কারণে অর্থনীতিকে চাঙ্গা করতে ইতালি সরকারকে আরো অনেক পদক্ষেপ নিতে হবে।
তা না হলে ইতালিকে ২য় বারের মতো ইইউ এবং আইএমএফ এর তহবিল সহায়তা নিতে হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
আইএমএফ বলেছে, "একমাত্র স্থায়ী প্রবৃদ্ধিই ইতালি সরকারের ঋণের বোঝা কমাতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলীকউ/১৮৫৫ঘ.
bdnews24