২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নৌঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় সাইপ্রাসে বিক্ষোভ

সাইপ্রাসের প্রধান নৌঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় দেশটির জনসাধারণের মধ্যে সরকারবিরোধী মনোভাব ছড়িয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাইপ্রাসের প্রধান নৌঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় দেশটির জনসাধারণের মধ্যে সরকারবিরোধী মনোভাব ছড়িয়ে পড়েছে। দক্ষিণ সাইপ্রাসের কয়েক হাজার মানুষ মঙ্গলবার সরকারবিরোধী বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানী নিকোসিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ ঘিরে ফেলে। এ সময় তারা প্রাসাদের একটি প্রবেশদ্বার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বলে বিবিসি প্রকাশিত প্রতিবেদনে জানা যায়। সোমবার ভোরে নৌঘাঁটি ইভানজেলস ফ্লোরাকিসে এক ভয়াবহ বিস্ফোরণের নৌবাহিনীর প্রধান আন্দ্রেস আয়োআন্নিদেসসহ ১২ জন নিহত হয় ও ৬২জন আহত হয়। বিস্ফোরণে শুধু নৌবাহিনী প্রধানই নয়, ইভানগেলস ফ্লোরাকিস নৌঘাঁটির কমান্ডার ল্যামব্রোস ল্যামব্রউও নিহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনার জন্য বিক্ষোভকারীরা দেশটির সরকারকে দায়ী করেছে। তারা বলছে, সরকারের অবহেলার কারণেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাইপ্রাস পুলিশ জানিয়েছে, প্রায় ৫ হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট প্রাসাদের সামনের খোলা প্রাঙ্গণে সমবেত হয়ে প্রাসাদের প্রবেশদ্বারে একটি ব্যানার টানিয়ে দেয়। তাতে লেখা হয়েছে, "প্রেসিডেন্ট দিমিত্রিস ক্রিস্টোফিয়াস একজন খুনি, তাকে অবশ্যই জেলে যেতে হবে"। প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় উপস্থিত পুলিশ সদস্যদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানায় বিক্ষোভকারীরা, কিন্তু পুলিশ যোগ দেয়নি। এরপর কয়েকজন তরুণ প্রবেশদ্বারের তালা ভেঙ্গে ফেললে বিক্ষোভরত জনতা প্রেসিডেন্টের প্রাসাদ প্রাঙ্গণে ঢুকে পড়ে। ভিতরে আর একটি প্রবেশদ্বারের আগ পর্যন্ত পুলিশ তাদের এগোতে দেয়। ভিতরের প্রবেশদ্বারটির সামনে প্রচুর পুলিশ সদস্য গ্যাস মুখোশ পরিহিত অবস্থায় অবস্থান করে। সেখানে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের পর অধিকাংশ বিক্ষোভকারী স্থান ত্যাগ করলেও তরুণ বিক্ষোভকারীদের একটি দল পুলিশকে লক্ষ করে পাথর ছুঁড়তে শুরু করে। জবাবে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। টিয়ার শেলের গ্যাসে অনেকে আক্রান্ত হলেও কেউ আহত হন নি বা কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। সাইপ্রাসের অধিকাংশ গণমাধ্যমই বিস্ফোরণের ঘটনার জন্য সরকারকে দায়ী করে সংবাদ প্রকাশ করে। অনেক দৈনিকের শিরোনামেই সরকারকে "ক্রিমিনাল" হিসেবে অভিহিত করা হয়। জঙ্গলের ছোট পরিসরের আগুন থেকে নৌঘাঁটির খোলা জায়গায় থাকা বিস্ফোরকে আগুন ধরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ২০০৯ সালে জাহাজযোগে সিরিয়ায় পাঠানো ইরানি বিস্ফোরকের আটককৃত চালানের মালামাল সাইপ্রাসের ওই নৌঘাঁটির খোলা জায়গায় রাখা হয়েছিল। ইরানের বিরুদ্ধ জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় সাইপ্রাস ওই চালান আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৪ ঘ.