২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্ষমতা ছাড়তে প্রস্তুত গাদ্দাফি'

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা ছাড়তে প্রস্তুত। লিবিয়ার দূতরা একথা বলেছে বলে মঙ্গলবার জানিয়েছে ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ত্রিপোলি, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা ছাড়তে প্রস্তুত। লিবিয়ার দূতরা একথা বলেছে বলে মঙ্গলবার জানিয়েছে ফ্রান্স। তাছাড়া, লিবিয়া সঙ্কট সমাধানের উপায় খুঁজতে লিবিয়ার নেতার সঙ্গে ন্যাটো সদস্যদের ব্যাপক আলোচনাও চলছে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে। গাদ্দাফি সম্পর্কে তথ্য দেওয়া ওই দূতরা কারা তা না জানিয়ে জুপে বলেন, "দূতরা আমাদেরকে বলছেন, গাদ্দাফি ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত। আসুন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি।" তিনি আরো বলেন, "গাদ্দাফি ক্ষমতা ছাড়বেন কি ছাড়বেন না তা এখন প্রশ্নাতীত; প্রশ্ন হচ্ছে, তিনি কখন এবং কীভাবে ক্ষমতা ছাড়বেন।" ফ্রান্স ইনফো রাষ্ট্রীয় বেতারে জুপে বলেন, "প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করছে। লিবিয়া প্রশাসন তুরস্ক, নিউ ইয়র্ক, প্যারিস সবখানেই বার্তাবাহক পাঠাচ্ছে। তারাই আমাদেরকে বলছে, গাদ্দাফি ক্ষমতা ছাড়তে প্রস্তুত। আসুন আমরা আলোচনা করি।" তিনি বলেন, " আলোচনা হচ্ছে। কিন্তু এ পর্যায়ে আলোচনা ঠিকভাবে হচ্ছে না।" দূতদের দেওয়া তথ্য কতটুকু নির্ভরযোগ্য তা নিয়ে এখনো সন্দেহ আছে। আর বেশ কয়েকজন পর্যবেক্ষক লিবিয়ার সরকারের কাছ থেকে পাওয়া তথ্যের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৩ঘ.