২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইপ্রাসের নৌঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১২

দক্ষিণ সাইপ্রাসের এক নৌসেনা ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্ততপক্ষে ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

নিকোসিয়া, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দক্ষিণ সাইপ্রাসের এক নৌসেনা ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্ততপক্ষে ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে বলে সাইপ্রাসের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে। তবে, এ ঘটনায় ৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছে রয়টার্স। বিবিসি প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় ভোর ৬ টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৯টা) প্রচ- বিস্ফোরণে কেঁপে ওঠে জাইজির নৌসেনা ঘাঁটির গোলাবারুদের গুদাম। ব্রাশফায়ারের কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে, রয়টার্স ও বিবিসির নিকোসিয়া প্রতিনিধি জানিয়েছে, ঠিক কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। নৌঘাঁটিটির নাম ইভানগেলস ফ্লোরাকিস বলে জানা গেছে। বিস্ফোরণের পর আগুন লেগে সাইপ্রাসের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পুড়ে যায়। এতে দ্বীপদেশটির অনেক এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, "ঘটনাস্থলে অনেক মানুষ নিহত হলেও ঠিক কতজন তা এখনো নিশ্চিত হতে পারিনি"। সেনা ঘাঁটির গুদামটিতে ২০০৯ সালে সিরিয়ায় পাঠানো ইরানের আটককৃত চালানের গোলাবারুদ রাখা হয়েছিল। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার সূত্র ধরে ওই চালান আটক করেছিল সাইপ্রাস। বিস্ফোরণে আশপাশের এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলের প্রায় তিন কিলোমিটার দূরের একটি জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্রের সমুদ্রতীরবর্তী রেস্তোরাঁগুলোর দরজা-জানালা উড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের মধ্যে সাইপ্রাস নৌবাহিনীর দুজন নাবিক, দুজন সেনাসদস্য ও পাঁচজন অগ্নিনির্বাপনকর্মী রয়েছে বলে জানিয়েছে সাইপ্রাস রাষ্ট্রীয় বেতার। অন্যদের পরিচয় এখনো জানা যায় নি। নিহত অন্যান্যদের বিষয়ে কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৬৩৬ ঘ.