২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্রোহীদের অবশ্যই গাদ্দাফি সরকারের সাথে আলোচনা করতে হবে'

লিবিয়ার বিদ্রোহীদের গাদ্দাফি সরকারের সাথে সমঝোতা আলোচনা শুরুর এখনই সময় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী গেরার্ড লঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 06:44 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ত্রিপোলি, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহীদের গাদ্দাফি সরকারের সাথে সমঝোতা আলোচনা শুরুর এখনই সময় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী গেরার্ড লঙ্গে। ফরাসি টেলিভিশন স্টেশন বিএমএফ টিভি কে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার তিনি এ কথা বলেন। ওই সাক্ষাৎকারে লঙ্গে বলেন, গাদ্দাফির পরাজয়ের জন্য বিদ্রোহীদের অপেক্ষা করা উচিত নয়। তিনি বলেন, "আমরা দুপক্ষকে পরস্পরের সাথে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছি"। গাদ্দাফির বিরুদ্ধে সোচ্চার পশ্চিমা শক্তিগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। "লিবিয়ার অন্তর্বর্তী জাতীয় পরিষদ বর্তমানে সমঝোতা থেকে অনেক দূরে আছে। কিন্তু এখন তাদের এক টেবিলে বসাটা জরুরি হয়ে উঠেছে", বলেন লঙ্গে। গাদ্দাফি ক্ষমতায় থাকা অবস্থায় আলোচনা শুরু করা সম্ভব কিনা তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "তখন গাদ্দাফি অন্য একটি উপাধি নিয়ে তার প্রাসাদের অপর একটি ঘরে অবস্থান করবেন"। ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য লিবিয়ার পরিস্থিতি নিয়ে পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান হতাশার ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। লিবিয়ার প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে বিশ্বাস করে, গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, "পরিবর্তন কীভাবে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু লিবিয়ার নাগরিকদের, কিন্তু গাদ্দাফি ক্ষমতায় থাকতে পারে না এই বিশ্বাসে আমরা অটল"। এর সাথে তারা এও জানায়, লিবিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য সামরিক জোট ন্যাটোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তার দায়িত্ব পালন করে যাবে এবং যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ন্যাটো গাদ্দাফির ওপর চাপ অব্যাহত রাখবে। এদিকে, সোমবার আলজেরিয়ার আল খবর সংবাদপত্র গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের এক সাক্ষাৎকার প্রকাশ করে। সাক্ষাৎকারে সাইফ বলেন, তার পিতার সরকার ফরাসি সরকারের সাথে আলোচনা চালাচ্ছে। ত্রিপোলিতে নেওয়া ওই সাক্ষাৎকারে সাইফ বলেন, "সত্য এই যে আমরা বিদ্রোহীদের সাথে সমঝোতা করছি না, আমরা করছি ফ্রান্সের সাথে।" "সারকোজির কাছে পাঠানো আমাদের দূত জানিয়েছে, পরিস্থিতির বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। তিনি (সারকোজি) বলেছেন, আমরা বিদ্রোহীদের জাতীয় পরিষদ তৈরি করেছি, আমাদের সমর্থন, টাকা ও অস্ত্র ছাড়া বিদ্রোহী পরিষদের কোন অস্থিত্বই থাকবে না।" আল খবরে দেওয়া সাক্ষাৎকারে সাইফ আরো বলেন, "ফ্রান্স বলেছে, ত্রিপোলির সাথে সমঝোতা হলে বিদ্রোহী পরিষদকে যুদ্ধ বিরতির জন্য চাপ দেব।", আল খবরে প্রকাশিত সাইফের এসব বক্তব্যের ব্যাপারে তাৎক্ষণিকভাবে ফ্রান্সের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর /১২৩৭ ঘ.