২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, আটক ২ শতাধিক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত মানুষ। এদের মধ্যে ২শ' জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 09:48 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

কুয়ালালামপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোরড টকম/রয়টার্স)- মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত মানুষ। এদের মধ্যে ২শ' জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ক্ষমতাসীন ন্যাশনাল ফ্রন্ট জোট সরকার বিরোধী শনিবারের এই আন্দোলন দমনে পুলিশ সড়ক অবরোধ করেছে এবং জলকামান নামিয়েছে। নির্বাচনী সংস্কারের দাবিতে বিরোধী দলগুলোর জোট বার্শি বা ক্লিন গ্রুপের ডাকে শহরটির কেন্দ্রস্থলে শনিবার সকালে আন্দোলনকারীরা জড়ো হয়। পুলিশের নিষেধাজ্ঞা থাকার পরও তারা শহরটির স্টেডিয়ামের উদ্দেশে যাওয়ার পরিকল্পনা করে। ১৯৯৮ সালের পর এবারের বিক্ষোভই সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনে রূপ নিতে পারে। ওই সময় উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বরখাস্ত করার পর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিরোধী প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টির ডেপুটি প্রেসিডেন্ট মোহামাদ সাবু টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমাদের লোকজন কুয়ালালামপুরে যেতে পারছে না। কুয়ালালামপুর ঘিরে রাখা হয়েছে এবং বাইরের কারো সঙ্গে সেখানকার জনগণকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। জাতীয় মসজিদে জড়ো হওয়াদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তাই আমি ঠিক জানি না বিক্ষোভ অব্যাহত থাকবে কি না।" তিনি আরো বলেন, "বার্শির সংস্কার দাবিগুলোকে জনগণের মনে ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা নিজেদের সফল মনে করছি।" পুলিশ প্রধান ইসমাইল ওমর রয়টার্সকে জানান, সরকার সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের মধ্যে জড়ো হওয়া এবং বাস চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে এতদিন বিক্ষোভ-আন্দোলনের ঘটনা কমই ঘটতো। তবে বিকল্প গণমাধ্যম চ্যানেলের উত্থান ও বিরোধীদলগুলো ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠায় দেশটির জনগণও আগের চেয়ে অনেক সরব হয়ে উঠছে। নির্বাচনের মাধ্যমে ২০০৯ সালে দেশটির ক্ষমতা গ্রহণ করেন নাজিব। মারদেকা সেন্টার পরিচালতি জরিপ অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে দেশটিতে নাজিবের সমর্থন ৪৫ শতাংশ থেকে বেড়ে ৬৯ শতাংশে দাঁড়ালেও বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক জাতিগত ও ধর্মীয় পার্থক্যের কারণে বর্তমানে তার পক্ষে জনসমর্থন হুমকির মুখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫৪৫ ঘ.