মস্কো, জুলাই ০৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশের চরম দুঃসময়ে দেশকে সহয়তা করতে স্বয়ং ঈশ্বর ভস্নাদিমির পুতিনকে রাশিয়ায় পাঠিয়েছেন। কথাগুলো বলেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের শীর্ষ এক রাজনৈতিক সহযোগী।
রাষ্ট্র নিয়ন্ত্রিত চেচেন টেলিভিশনের এক অনুষ্ঠানে শুক্রবার ওই কথা বলেন ক্রেমলিনের শীর্ষ রাজনৈতিক কৌশলবিদ ভস্নাদিস্লাভ সুরকভ।
পুতিনের একনিষ্ঠ ভক্ত ও রাশিয়ার অন্যতম ক্ষমতাশালী মানুষ সুরকভ বলেন, "আমি সত্যিকারভাবে বিশ্বাস করি, পুতিন এমন একজন মানুষ যাকে স্বয়ং সৃষ্টিকর্তা ভাগ্যক্রমে রাশিয়ার দুঃসময়ে সাহায্য করতে পাঠিয়েছেন"।
সুরকভ আরো বলেন, "আমাদের জনগণকে রক্ষায় পুতিন প্রেরিত দূত"। সুরকভ ক্রেমলিনের ফার্স্ট ডেপুটি চিফ অব স্টাফ পদেও কর্মরত।
এদিকে, সুরকভের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে পুতিনবিরোধীরা। তারা দাবি করছে, এর মধ্য দিয়ে ২০১২ সালের নির্বাচনের আগে পুতিনকে ঘিরে বিশেষ ভাবমূর্তি তৈরির চেষ্টা চালানো হচ্ছে।
দুইমাস আগে রাশিয়ার মধ্যাঞ্চলে খ্রিস্টীয় নানদের একটি উপদল পুতিনকে সন্ত ও ত্রাতা বলে দাবি করে।
রাশিয়া সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, নিজেকে ঘিরে এ ধরনের প্রচারণায় পুতিনের সায় নেই।
বর্তমানে ৫৮ বছর বয়স্ক প্রধানমন্ত্রী ভস্নাদিমির পুতিন ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখনও তাকে রাশিয়া সরকারের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হয়।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার বিশৃঙ্খল অর্থনৈতিক অবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনেন পুতিন। রাশিয়া এখন বিশ্বের অন্যতম উঠতি অর্থনৈতিক শক্তি। পুতিন রাশিয়ার ককেসাস অঞ্চলের চেচেন বিদ্রোহীদের দমনেও সফল হন।
ক্রমেই ক্ষমতাশালী হয়ে ওঠা রাশিয়ার অর্থোডক্স চার্চের সাথে পুতিনের মিত্রতা উদ্বিগ্ন করে তুলেছে দেশটির সবচেয়ে বড় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ও দেশটির উদারপন্থীদের।
উদারপন্থীরা মনে করছেন পুতিনের এ ধরনের কাজের ফলে রাশিয়ার ধর্মনিরপেক্ষ সংবিধানের অবমাননা হচ্ছে।
সোভিয়েত আমলে রাশিয়ায় চার্চের কার্যক্রম নিয়ন্ত্রিত ছিল। কিন্তু পুতিন ও রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট মেদভেদেভ অর্থোডক্স চার্চকে দেশের প্রধান ধর্মীয় বিশ্বাস হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৪ ঘ.
bdnews24