নয়া দিল্লি, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক পটপরিবর্তন ঘটতে পারে যে কোনো সময়- ঢাকা সফরের আগে বাংলাদেশ সম্পর্কে করা মনমোহন সিংয়ের এ মন্তব্য ভারতের প্রধানমন্ত্রীর ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে।
বুধবার সম্পাদকদের সঙ্গে আলোচনার লিখিত রূপ প্রধানমন্ত্রী ওয়েবসাইটে প্রকাশের পর তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এতে দেখা যায়, ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন যে কোনো সময় ঘটতে পারে এবং অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি প্রচণ্ডভাবে ভারতবিরোধী।
শনিবার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে আলোচনার লিখিত রূপ সংশোধিত আকারে প্রকাশ দেখা যায়। তাতে বাংলাদেশ সম্পর্কে আগের করা মন্তব্যগুলো তো বটেই, কোনো বক্তব্যই নেই।
শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতীয় প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হরিশ খারেকে উদ্ধৃত করে বলে, "প্রধানমন্ত্রীর(মনমোহন) মন্তব্যটি ছিলো অব দ্য রেকর্ড। আমরা ভুল করে সেটা প্রকাশ করেছিলাম। আমরা বিষয়টি সংশোধন করেছি।"
আগামী কয়েক মাসের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের কথা রয়েছে। মনমোহনের বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হবে বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।
মনমোহনের ওই বক্তব্য প্রতিক্রিয়া জানায় ভারতের কূটনীতিকরাও। শুক্রবার ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক হিন্দুর অনলাইন সংস্করণে 'প্রাইম মিনিস্টারস কমেন্ট অন বাংলাদেশ রেইজেস আইব্রোস' শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সাবেক কূটনীতিবিদদের অনেকেই ভারতীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সঙ্গে একমত নন।
ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি মনে করেন, কোনো দেশের মানুষকেই 'এভাবে' চিহ্নিত করা যায় না।
হিন্দুকে তিনি বলেন, "বাংলাদেশের এক তৃতীয়াংশ ভোটার বিএনপি এবং আরো এক তৃতীয়াংশ ভোটার আওয়ামী লীগকে ভোট দেয়। বাকি যে ৩৩ শতাংশ থাকে, তারা মূলত স্বাধীনভাবে চিন্তা করে ভোটের আগে সিদ্ধান্ত নেন। কাজেই কোনোভাবেই আপনি বলতে পারেন না যে বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ ভারতবিরোধী।"
ওই পরিসংখ্যান মনমোহন কোথায় পেলেন- তা নিয়েও বিষ্ময় প্রকাশ করেছেন বীণা সিক্রি।
একই ধরনের প্রতিক্রিয়া বিবিসিকে জানান সাবেক হাইকমিশনার দেব মুখার্জিও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৮১৮ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
ক্স মনমোহনের সঙ্গে একমত নন ভারতের সাবেক কূটনীতিকরাও
ক্স বাংলাদেশে হঠাৎ ক্ষমতা বদলের আশঙ্কা ভারতের
bdnews24