২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন হামলা: ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের বাধা

জঙ্গিদের ওপর চালকবিহীন বিমান (ড্রোন) হামলার জন্য ব্যবহৃত পাকিস্তানি বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্রকে আর ব্যবহার করতে দেওয়া হবে না। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে 'দ্য ফিনান্সিয়াল টাইমস' পত্রিকা এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

সিঙ্গাপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জঙ্গিদের ওপর চালকবিহীন বিমান (ড্রোন) হামলার জন্য ব্যবহৃত পাকিস্তানি বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্রকে আর ব্যবহার করতে দেওয়া হবে না। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে 'দ্য ফিনান্সিয়াল টাইমস' পত্রিকা এ খবর জানিয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে গোপন যুদ্ধ পরিচালনায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের শামসি বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্র ব্যবহার করে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ আছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুখতার 'ফিনান্সিয়াল টাইমস'কে বলেছেন, "শামসি ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের আর কোন বিমান উড়বে না। ভবিষ্যতে এই ঘাঁটি থেকে যদি কোন বিমান উড়ে তবে তা হবে পাকিস্তানী বিমান"। নাম প্রকাশ না করে পাকিস্তানের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানায়, শামসি বিমান ঘাঁটি থেকে সব অবকাঠামো সরিয়ে নেওয়ার জন্য ওয়াশিংটনকে বলা হয়েছে। তবে এই কর্মকর্তা দাবি করেছেন, ২০০৯ সাল থেকে শামসি ঘাঁটি ব্যবহার করে কোন ড্রোন হামলা চালানো হয়নি। নিজ দেশের ভেতরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার প্রকাশ্য বিরোধিতা অনেকদিন ধরেই করছে পাকিস্তান। এতে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ করে আসছে তারা। কিন্তু একইসঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ'র গোয়েন্দা কার্যক্রমসহ গোপনে আফগান সীমান্ত বরাবর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আল কায়েদা ও তালেবান সদস্যদের লক্ষ্য করে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েও আসছে তারা। জানুয়ারিতে সিআইএ'র এক এজেণ্ট পাকিস্তানের দুজন নাগরিককে গুলি করে হত্যা করলে যুক্তরাষ্ট্র-পাকিস্তান মিত্রতায় প্রথম ধাক্কা লাগে। এরপর গত মে মাসে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের কমান্ডোদের গোপন অভিযানে আল কায়েদার প্রধান নেতা ওসামা বিন লাদেন নিহত হলে দুদেশের সম্পর্কের মারাত্মক অবনতি হয়। ওই অভিযান সম্পর্কে মিত্র পাকিস্তানকে কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র। পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী দেশে মার্কিন সেনা উপস্থিতির অনুমোদিত সংখ্যা হ্রাস করে এবং গোয়েন্দা বিনিময় সীমিত করে। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর পাকিস্তানের ওয়াজিরিস্তানের জঙ্গি আস্তানায় ড্রোন হামলার মাত্রা বৃদ্ধি পায়। বিন লাদেন নিহত হওয়ার পর ওয়াজিরিস্তানে হামলা আরোবেড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৩৫৩ ঘ.