২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যয়সঙ্কোচন: গ্রিসের পার্লামেন্টে দ্বিতীয় বিল পাশ ভিডিও

গ্রিসে সহিংসতার মধ্যেও বুধবার পার্লামেন্টে কঠোর ব্যয়সঙ্কোচন বিল পাশ হওয়ার পরদিন ২য় আরেকটি বিল পাশ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

এথেন্স, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---গ্রিসে সহিংসতার মধ্যেও বুধবার পার্লামেন্টে কঠোর ব্যয়সঙ্কোচন বিল পাশ হওয়ার পরদিন ২য় আরেকটি বিল পাশ করেছে সরকার। এ বিলে সরকারের কঠোর ব্যয়সঙ্কোচন এবং বেসরকারিকরণ কর্মসূচির বিস্তারিত বিবরণ আছে। দেশকে আসন্ন দেউলিয়াত্ব থেকে রক্ষায় বিলটি পাশ করাটা ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিলটি পাশ হয়েছে। পার্লামেন্টে প্রথম দফা ভোটে প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু ৫ বছর মেয়াদী ব্যয়সঙ্কোচন কর্মসূচির রূপরেখা পাশ করাতে সক্ষম হন। ১৫৫-১৩৮ ভোটে বিলটি পাশ হয়। এরপর বৃহস্পতিবার পার্লামেন্টে দ্বিতীয় দফা ভোটে ২৮ বিলিয়ন ইউরো ব্যয়সঙ্কোচন কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপের ফিরিস্তি সম্বলিত বিল পাশ হলো। গ্রিসের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ২য় কিস্তিতে বেইল আউট প্যাকেজের ১২ বিলিয়ন ইউরো পাওয়ার দ্বার খুলে গেলো এ দুটি বিল পাশের মধ্য দিয়ে। গ্রিসকে দেউলিয়াত্ব থেকে রক্ষা করতে কর বাড়ানোসহ ব্যয় হ্রাস করে ২৮ বিলিয়ন ইউরো বাঁচানোই সরকারের এ পরিকল্পনার লক্ষ্য। কিন্তু এর প্রতিবাদে জনতার বিক্ষোভ রাজধানী এথেন্সে ইতোমধ্যেই সহিংসতায় রূপ নিয়েছে। বুধবার পার্লামেন্টে প্রথম দফা ভোটের আগেই প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু সর্বসম্মতিক্রমে কৃচ্ছতা পরিকল্পনা পাশের জন্য এমপিদের আহ্বান জানিয়েছিলেন। ওদিকে, ভোটের আগের দিন থেকেই এর প্রতিবাদে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকে ট্রেড ইউনিয়ন। এথেন্সে পার্লামেন্টের বাইরে জড়ো হয় বিক্ষোভকারীরা। ধর্মঘটের কারণে রাজধানীতে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। বন্ধ হয়ে যায় সরকারের বেশির ভাগ পরিষেবা কার্যক্রম। বন্ধ হয়ে যায় ব্যাংক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল। ব্যাহত হয় ট্রেন, বাস এমনকি বিমান চলাচলও। কিন্তু প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু সোমবার বলেন, কেবলমাত্র ২৮ বিলিয়ন-ইউরো ব্যয়সঙ্কোচন পরিকল্পনাই গ্রিসকে আবার অর্থনৈতিক শক্তি সঞ্চয় করে উঠে দাঁড় করাতে পারে। এদিনই পাপান্দ্রু এ পরিকল্পনা পাশের জন্য পার্লামেন্টের সদস্যদের প্রতি আবেদন জানান। সরকারের ব্যয়সঙ্কোচন পরিকল্পনা নিয়ে পার্লামেন্ট বিতর্কে পাপান্দ্রু বলেন, দেশের পতন যে কোনো মূল্যে ঠেকাতে হবে। এখন পিছু হটে যাওয়ার সময় নয়। সরকারের নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় নূন্যতম মজুরি পাওয়া কর্মচারীদের ওপরও কর চাপবে। গ্রিসে ক্রমবর্ধমান বেকারত্বের মধ্যে মাসের পর মাস ধরে ব্যয় কমবে বিভিন্ন খাতে। ট্রেড ইউনিয়নগুলো এ কারণে ক্ষুব্ধ হয়ে থাকায় এখনো দেশে উত্তেজনা বিরাজ করছে। পার্লামেন্টের বাইরে মুখোশ পরা বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ চলছে থেমে থেমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৪৮ ঘ.