২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গভর্নরের বাড়ি লক্ষ্য করে হামলা, নিহত ২৫ ভিডিও

ইরাকের মধ্যাঞ্চলে এক গভর্নরের বাড়ি লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

বাগদাদ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের মধ্যাঞ্চলে এক গভর্নরের বাড়ি লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। বাগদাদ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে দিওয়ানিয়া প্রদেশের গভর্নরের বাড়ির বাইরের নিরাপত্তা চৌকিতে মঙ্গলবার হামলাকারীরা বিস্ফোরণ ঘটায় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, গভর্নরের বাড়ির বাইরে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়, সঙ্গে সঙ্গে কমপক্ষে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় নিরাপত্তা রক্ষীদের পালা বদল চলছিলো। হামলায় ৩০ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই নিরাপত্তা রক্ষী। দিওয়ানিয়ায় প্রাদেশিক পরিষদের মুখপাত্র মুয়াদ আল আনসারি বলেন, "হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে এবং আরো ৩৫ জন আহত হয়েছে।" দরিদ্র, শিয়া অধ্যুষিত দিওয়ানিয়া প্রদেশটিতে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠি সক্রিয়। এক সপ্তাহ আগে দিয়ালা প্রদেশের বাকুবা শহরে প্রাদেশিক পরিষদ কার্যালয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুকধারীদের হামলায় আট জন নিহত হয়। বন্দুকধারী আত্মঘাতী হামলাকারীরা কার্যালয়টি দখলও করে নেয়। ভবনটি উদ্ধারে মার্কিন সেনাদের সাহায্য নেয় ইরাকি সেনারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এমআই/এলকিউ/১৯৩৫ঘ.