তিউনিস, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া তিউনিসিয়ায় সাবেক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিন বেন আলীকে চুরি ও অর্থ-সম্পদ আত্মসাতের মামলায় ৩৫ বছর কারাদণ্ড দিয়েছে সে দেশেরই আদালত। একই সাজা হয়েছে তার স্ত্রীরও।
বেন আলী ও তার স্ত্রীর অনুপস্থিতিতেই সোমবার আদালত সাজার এ রায় দেয়। ক্ষমতা হারানোর ছয় মাসের মাথায় এক দিনের বিচারেই আদালত সাবেক প্রেসিডেন্টকে দণ্ডিত করলো।
২৩ বছর ধরে প্রেসিডেন্টের পদে থাকা বেন আলী স্ত্রী লায়লা ত্রাবিলিসিকে নিয়ে গত ১৪ জানুয়ারি সৌদি আরব পালিয়ে যান। আরব বিশ্বে সংস্কারের দাবিতে বিক্ষোভের শুরুটা গত ডিসেম্বরে তিউনিসিয়া থেকেই হয়েছিলো।
বেন আলীর বিরুদ্ধে চৌর্যবৃত্তি, দামি গহনাপত্র পাচার এবং অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে আদালত। আগেরদিন দেশটির সরকারি এক ঘোষণায় জানানো হয়েছিল, সোমবার বেন আলী বিরুদ্ধে দুর্নীতিসহ দায়ের করা বিভিন্ন অভিযোগের বিচার শুরু হচ্ছে। সোমবারই রায় হলো।
বেন আলীর শাসনামলে সাবেক হেয়ারড্রেসার লায়লার বিলাসবহুল জীবনযাপন এবং বিত্তবান আত্মীয়স্বজন দেশবাসীর সামনে দুর্নীতির প্রতীক হয়ে ছিলো।
আদালত বেন আলী ও তার স্ত্রীকে ৯ কোটি ১০ লাখ তিউনিসিয় দিনার (৬ কোটি ৫৬ লাখ ইউএস ডলার) জরিমানাও করেছে।
বেন আলীর বিরুদ্ধে থাকা মাদক ও অস্ত্র পাচার মামলার বিষয়ে ৩০ জুন রায় দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।
রায়ের সন্তোষ প্রকাশ করেছে তিউনিসিয়ায় সাধারণ মানুষ।
আদালতের বাইরে দাঁড়িয়ে থাকা মরিয়ম নামের এক ছাত্রী বলেন, "কী অসাধারণ মুহূর্ত! যে ২৩ বছর ধরে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে, আজ নিরপেক্ষ এক আদালত তাকে শাস্তি দিয়ে আমাদের হারানো সম্মান কিছুটা হলেও ফিরিয়ে দিলো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১১৫৬ ঘ.
bdnews24