২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওয়েনার

অনলাইনে নিজের আপত্তিকর ছবি পাঠিয়ে সমালোচিত হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য অ্যান্থনি ওয়েনার বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 07:26 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

নিউ ইয়র্ক, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইনে নিজের আপত্তিকর ছবি পাঠিয়ে সমালোচিত হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য অ্যান্থনি ওয়েনার বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ডেমোক্রেট দলীয় এই সদস্যকে সমালোচনা এড়িয়ে ২০১২ নির্বাচনে প্রচারণা শুরু করতে দলীয় নেতারাই তাকে কংগ্রেস থেকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছিলেন বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ওয়েনার বলেন, "ব্যক্তিগতভাবে এই ভুল ও বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির জন্য আজ আমি আবারো ক্ষমা চাচ্ছি। আমার প্রতিবেশী ও সহকর্মী বিশেষ করে আমার স্ত্রী হুমা আবেদিনের কাছে ক্ষমা চাচ্ছি।" এ সময় তার স্ত্রী অনুপস্থিত ছিলেন। ওয়েনার জানান, তিনি কংগ্রেসে থাকার ব্যাপারে আশাবাদী হলেও যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে তা আর সম্ভব নয়। তিনি বলেন, তিনি পদত্যাগ করবেন যাতে করে তার সহকর্মীরা কাজ শুরু করতে, প্রতিবেশীরা নতুন প্রতিনিধি খুঁজতে এবং বিশেষ করে তিনি ও তার স্ত্রী এ ক্ষতি কাটিয়ে উঠতে পারেন। চিকিৎসার কথা বলে ছুটি নিয়ে গত সপ্তাহ থেকে ওয়েনার অজ্ঞাত একটি স্থানে একপ্রকাশ আত্মগোপন করে ছিলেন। বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত তিনি জনসমক্ষেও আসেননি। এরআগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, ওয়েনারের স্থানে থাকলে তিনি পদত্যাগ করতেন। গত মে মাসে টুইটারে ভুল করে আন্ডারওয়্যার পরিহিত অবস্থায় নিজের একটি ছবি অনলাইনে প্রকাশ করে বিতর্কের জন্ম দেন ওয়েনার। এরপর বেশ কিছুদিন ধরে তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ করলেও গত সপ্তাহে তিনি স্বীকার করেছেন যে ছবিটি তার নিজের এবং ওয়াশিংটনের বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাছে সেটি পাঠানোর ইচ্ছা ছিলো। গত তিন বছরে ৬ জন নারীর কাছে ছবি পাঠানোর কথাও স্বীকার করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২২ ঘ.