লন্ডন, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হচ্ছে আফগানিস্তান। থমসন-রয়টার্স ফাউন্ডেশনের এক জরিপে একথা বলা হয়েছে। এছাড়া জরিপে নারীদের জন্য বিপজ্জনক রাষ্ট্রের তালিকায় প্রথম দিকে রয়েছে কঙ্গো, পাকিস্তান, ভারত ও সোমালিয়া।
সহিংসতার উচ্চমাত্রা, নিম্নমানের স্বাস্থ্যসেবা ও দারিদ্রের কারণে দেশটিকে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক হিসেবে জরিপে উল্লেখ করা হয়েছে।
তালিকায় আফগানিস্তানের পরই রয়েছে কঙ্গো এবং তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান।
এছাড়া মেয়ে ভ্র"ণ হত্যা ও নারী পাচারের কারলে এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। পঞ্চম স্থানে রয়েছে সোমালিয়া।
জরিপে পাঁচটি মহাদেশের ২১৩ জন বিশেষজ্ঞকে 'স্বাস্থ্যসেবা, যৌন সহিংসতা, সহিংসতা, সাংস্কৃতিক ও ধর্মীয় বৈষম্য, সম্পদে মালিকানা ও পাচার' এই ছয়টি ঝুঁকির ওপর ভিত্তি করে নারীদের জন্য ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের তালিকা তৈরি করতে বলা হয়।
আফগানিস্তান
সহিংসতা, দুর্নীতি ও দারিদ্রের কারণে দেশটিতে স্বাস্থ্য ঝুঁকি, সহিংসতা ও অর্থনৈতিক ঝুঁকির মতো তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ই উপস্থিত। আর এ বিষয়গুলোই আফগানিস্তানকে নারীর জন্য সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রে পরিণত করেছে। দেশটিতে প্রতি ১১ জনে ১ জন নারী সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। এছাড়া দেশটির প্রায় ৭৮ ভাগ নারীই নিরক্ষর এবং ৭০ থেকে ৮০ শতাংশ নারীকে মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়।
কঙ্গো
১৯৯৮ থেকে ২০০৩ পর্যন্ত চলা যুদ্ধের কারণে কঙ্গোয় এখনো মানবিক বিপর্যয় চলছে। প্রধানত যৌন সহিংসতার কারণেই আফ্রিকার এ দেশটি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আমেরিকান জার্নাল অব পাবলিক হেলথের তথ্যানুযায়ী, কঙ্গোয় প্রতিদিন প্রায় ১ হাজার ১৫০ জন নারী ধর্ষণের শিকার হয়। বছর শেষে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ৪ লাখ ২০ হাজার জনে। এছাড়া দেশটির অন্তঃসত্ত্বা নারীদের ৫৭ শতাংশই রক্তশূন্যতায় ভোগে।
পাকিস্তান
পাকিস্তানের সাংস্কৃতিক, আদিবাসী ও ধর্মীয় রীতিগুলো নারীর জন্য বিপজ্জনক। এছাড়া দেশটিতে বাল্য বিবাহ ও জোর করে বিয়ে দেওয়ার রীতি এবং পাথর ছুঁড়ে মারা বা অন্য ধরনের শারীরিক নিপীড়নের মাধ্যমে শাস্তি দেওয়ার বিধানও রয়েছে। সেইসঙ্গে শতকরা ৯০ জন পাকিস্তানি নারী পারিবারিক নির্যাতনের শিকার হয়।
ভারত
মেয়ে ভ্র"ণ হত্যা, বাল্য বিবাহ ও নারী পাচার বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটিকে নারীদের জন্য বিপজ্জনক রাষ্ট্রের তালিকায় চতুর্থ স্থানে নিয়ে এসেছে।
সোমলিয়া
বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি সোমলিয়া। সহিংস এবং অরজাকতাপূর্ণ দেশ হিসেবে পরিচিত এ দেশটিতে মাতৃমৃত্যুর হার অনেক বেশি। এছাড়া ধর্ষণ ও নারীর যৌন অঙ্গচ্ছেদের (ভগাঙ্কুর কর্তন) ঘটনা নৈমিত্তিক বিষয়। একই সঙ্গে বাল্য বিবাহের হারও অনেক বেশি। দেশটিতে ৯৫ শতাংশ নারীই ৪ বছর থেকে ১১ বছরের মধ্যে যৌন অঙ্গচ্ছেদ বা এমজিএম'র মুখোমুখি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৫৪ ঘ.
bdnews24