বেনগাজি, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রাঞ্জিশনাল কাউন্সিলকে (এনটিসি) সেদেশের জনগণের বৈধ প্রতিনিধিত্বকারী হিসেবে স্বীকৃতি দিয়েছে জার্মানি।
লিবিয়া সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেলে সোমবার বিদ্রোহী বাহিনী নিয়ন্ত্রিত বেনগাজিতে বলেন, "ন্যাশনাল কাউন্সিল লিবীয় জনগণের বৈধ প্রতিনিধি।
আমরা মুয়াম্মার গাদ্দাফিকে ছাড়া একটি স্বাধীন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক লিবিয়া চাই।"
এর আগে ফ্রান্স, ইতালি, স্পেন, কাতার, ডেনমার্ক ও নেদারল্যান্ডসসহ প্রায় ১২টি দেশ বিদ্রোহীদের স্বীকৃতি দেয়।
তবে জার্মানির এ স্বীকৃতি বিদ্রোহীদের জন্য বড় অর্জন।
কারণ লিবিয়ায় উড্ডয়ন নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা ও গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক মানুষদের রক্ষায় সেখানে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সমর্থন দানে বিরত থাকে এ দেশটি।
এনটিসির ভাইস চেয়ারম্যান আব্দেল হাফিজ গোঘা বলেন, "এটা অনেক বড় ধরনের একটি পদক্ষেপ এবং আমরা এতে জার্মানি সরকারের প্রশংসা করছি।"
ফেব্রুয়ারির মাঝামাঝি লিবিয়ায় গাদ্দাফির পতনের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় বেসামরিক মানুষের প্রাণহানির প্রতিবাদে সে মাসের শেষদিকে বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত লিবীয় কূটনীতিকরা পদত্যাগ ও সরকারের পক্ষ ত্যাগ করেন।
পাশাপাশি গাদ্দাফির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সেনাবাহিনীর একাংশ। এ বিদ্রোহীরাই গাদ্দাফির অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াই পরিচালনা এবং আন্তর্জাতিক সমর্থন লাভে ২৭ ফেব্রুয়ারি ন্যাশনাল ট্রাঞ্জিশনাল কাউন্সিল গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৩৬ ঘ.
bdnews24