২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনশনে মারা গেলেন ইরানের কারাবন্দি সাংবাদিক

ইরানের কারাবন্দি সাংবাদিক ও আন্দোলনকর্মী হুদা সাবের অনশনরত অবস্থায় হৃদরোগে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 05:55 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের কারাবন্দি সাংবাদিক ও আন্দোলনকর্মী হুদা সাবের অনশনরত অবস্থায় হৃদরোগে মারা গেছেন। ইরানের বিরোধী দলীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হালে সাহাবির মৃত্যুর প্রতিবাদে ৫০ বছর বয়সী এই অভিজ্ঞ সাংবাদিক ২ জুন থেকে কারাগারে অনশন শুরু করেন বলে বিবিসি জানায়। বিরোধীদলীয় ওয়েবসাইট কালেমি ডট কম জানিয়েছে, "হৃদযন্ত্রের সমস্যার কারণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুক্রবার তাকে (সাবের) ইভিন কারাগার থেকে মোদারেস হাসপাতালে নিয়ে যায়। অনশন করার কারণে তার ওই সমস্যা দেখা দেয়।" ৫৫ বছর বয়সী নারী রাজনৈতিক ব্যক্তিত্ব হালে সাহাবি গত ১ জুন তার পিতা এজাতোল্লাহ সাহাবির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ বাধে। এতে তিনি মারা যান। সাহাবি নিজেও কারাবন্দি ছিলেন। কিন্তু পিতার মৃত্যুর কারণে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আঘাতের কারণে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে সাহাবি মৃত্যুবরণ করেন। অবশ্য অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানস্থলে কোনো ধরনের সংঘর্ষের খবর প্রত্যাখ্যান করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের বিরোধীদলীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এজাতোল্লাহ সাহাবি ৮১ বছর বয়সে গত ৩০ মে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। ২০০৯ সালে ইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে হুদা সাবেরকে কারাবন্দি করে রাখা হয়। ওই নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদ পুনর্র্নিবাচিত হন। ২০০০ সাল থেকে তিনি কয়েকদফায় কারাবন্দি ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫১ ঘ.