ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়াজুড়ে শুক্রবারের বিক্ষোভে আবারো নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ বিক্ষোভকারী নিহত হয়েছে। নিরাপত্তা প্রতিষ্ঠায় জিসর আল সুগহোর শহর ও তার আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
শহরটিতে পচ- গোলাগুলি চলছে বলে খবর পাওয়া গেছে।
এরই মধ্যে শুক্রবার জুমার নামাজের পর সিরিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। 'সিরিয়া দীর্ঘজীবী হোক', 'বাশার আল আসাদ নিপাত যাক' স্লোগানে বিক্ষোভ করেছে মানুষ।
রাজধানী তামেস্কও কাবুন জেলায় বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত ২ বিক্ষোভকারী।
অন্যদিকে, বুশরা আল হারির গ্রামে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২ বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
দক্ষিণাঞ্চলীয় দেরা শহরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে বিক্ষোভে নামা জনতার ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
বুশরা আল হারির গ্রামের এক অধিবাসী বলেছেন, ১ হাজার মানুষের বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে।
তবে রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, ওই গ্রামে অপরিচিত বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য এবং এক বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
সশস্ত্র এই বিরোধীদের আটক করতেই সিরিয়ার সেনাবাহিনী জিস আল সুগহোর শহরে প্রবেশ করেছে বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে।
শহরটির কাছে সেনা ও ট্যাংক মোতায়েন এবং সিরীয় সেনাবাহিনীর এই অভিযান শুরুর আগেই ভয়ে নিকটবর্তী তুরস্ক সীমান্তের দিকে ছুটে যায় ওই অঞ্চলের হাজার হাজার বাসিন্দা।
তুরস্কের সরকার জানিয়েছে, জিসার আল সুগহোর শহরের বিদ্যমান সংঘাত ও আরো বড় কোনো কিছু ঘটার আশঙ্কায় ২ হাজারেরও বেশি মানুষ সীমান্ত অতিক্রম করে শরণার্থী হিসেবে তুরস্কে আশ্রয় নিয়েছে।
পলায়নরত এসব মানুষের জন্য প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়ার কথা বুধবার জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান।
একইসঙ্গে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে আরো সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
চলতি সপ্তাহের শুরুর দিকে সিরীয় সরকার দাবি করে ওই শহরে চোরাগোপ্তা হামলায় ১২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।
সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহতের জন্য সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হলেও খবর আছে, সেনাবাহিনীর মধ্যেই বিদ্রোহের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।
সিরীয় টেলিভিশন জানিয়েছে, সশস্ত্র ওই গোষ্ঠী শহরটির নিয়ন্ত্রণ দখল করেছে এবং প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে।
সিরিয়া বিদেশি সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করেছে। এ কারণে সেখানকার পরিস্থিতি সম্পর্কে পাওয়া প্রতিবেদনের সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।
এরআগে সরকারের পক্ষ থেকে নিরাপত্তাবাহিনীর সদস্যদের নিহত হওয়ার খবর জানানো হলেও শহরের অধিবাসীরা দাবি করে এর মাধ্যমে সরকার শহরটিতে সেনা মোতায়েনের পাঁয়তারা করছে।
অধিবাসীরা জানিয়েছে, সরকারি বাহিনী যদি জোর করে শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তবে ব্যাপক রক্তারক্তি হবে।
গত মঙ্গলবার সিরিয়ার সরকারি টেলিভিশন জানায়, ওই শহরের অধিবাসীদের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে যাচ্ছিল। পথে চোরাগোপ্তা হামলা ও একটি পোস্ট অফিসে বিস্ফোরণে তারা প্রাণ হারান।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী শাহর এক বিবৃতিতে জানান, "আমরা বিষয়টি কঠোরভাবে বৈধ প্রক্রিয়ায় মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের এবং জনগণের নিরাপত্তাকে লক্ষ করে চালানো কোনো সশস্ত্র হামলায় আমরা মুখ বুঁজে সহ্য করবো না।"
তথ্যমন্ত্রী আদনান মাহমুদ জানান, সেনা বাহিনী ওই শহর থেকে বেশ দূরেই অবস্থান করলেও পুনরায় নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের 'জাতীয় দায়িত্ব' পালন করবে।
এর পরপরই ফেসবুকের পৃষ্ঠায় জিসার আল সুগহোর শহরের অধিবাসীদের পক্ষে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, সশস্ত্র বাহিনীর কোনো হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা (স্থানীয় অধিবাসী) সেনা বাহিনীর কাছে সাহায্যের আবেদন জানাননি।
বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য যদি সেনাবাহিনীর ট্যাংক মোতায়েন করা হয় তবে সেখানে মানবতার বিরুদ্ধে অপরাধমূলক অনেক কিছু ঘটবে বলে অধিবাসীরা আশঙ্কা করছে।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, সেখানে ট্যাংক পাঠানো হলে অনেক সাধারণ মানুষ অবধারিত ভাবে প্রাণ হারাবে, হাজার হাজার মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে যেতে বাধ্য হবে।।
সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ দেশটির প্রেসিডেন্ট থাকাকালীন তার বিরুদ্ধে ১৯৮০ সালে আন্দোলন শুরু হলে তা কঠোর হস্তে দমন করেন হাফিজ। এতে ৩০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।
২০০০ সালে হাফিজের মৃত্যুর পর সিরিয়ার ক্ষমতা গ্রহণ করেন বাশার আল আসাদ।
মার্চের মাঝামাঝি সময় থেকে সিরিয়ায় ক্ষমতাসীর প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত প্রায় ১২ শ' মানুষ সরকারি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে।
অপরপক্ষে এ সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনীর ১৬০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে সিরীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/২১১৬ ঘ.
bdnews24