২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াকে নিন্দার উদ্যোগ, রাশিয়ার বিরোধিতা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিন্দা জানিয়ে প্রস্তাব পাশের উদ্যোগ নিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং পর্তুগাল। কিন্তু এ ধরনের কোনোরকম পদক্ষেপের বিরোধিতা করছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

আম্মান, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিন্দা জানিয়ে প্রস্তাব পাশের উদ্যোগ নিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং পর্তুগাল। কিন্তু এ ধরনের কোনোরকম পদক্ষেপের বিরোধিতা করছে রাশিয়া। সিরিয়ায় গণতন্ত্রপন্থি বিক্ষোভে দমনপীড়ন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে থাকায় ইউরোপের দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আসাদকে নিন্দা জানানোর অনুরোধ জানিয়েছে। সিরিয়ায় সেনাবাহিনীর কঠোর দমনাভিযান থেকে বাঁচতে ১৭০০রও বেশি সিরীয় নাগরিক তুরস্কে পালিয়ে গেছে। বিশ্বের শক্তিধর দেশগুলো সিরিয়ায় লিবিয়া-কায়দায় আর কোনো হামলা চালাতে ইচ্ছুক না হলেও সিরিয়া পরিস্থিতি উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে। সিরিয়া থেকে লোকজন পালাতে শুরু করায় বিপত্তিতে পড়ছে প্রতিবেশী দেশগুলো। এ সপ্তাহে তুরস্ক সীমান্তে জড়ো হওয়া সিরীয় শরণার্থীর সংখ্যা ১ হাজার ৭৭৭ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে তুরস্কেও কর্মকর্তারা। সিরিয়ার জিসর আল সুঘোর শহরে বিক্ষোভ দমাতে মোতায়েন হয়েছে ৪০ টি ট্যাংক ও ১৫ হাজার সেনা। সহিংসতার প্রকৃত চিত্র বিশ্ববাসীকে জানতে না দেওয়ার জন্য সিরিয়া দেশের স্বাধীন গণমাধ্যমগুলো নিষিদ্ধ করেছে। সিরিয়ার নিন্দা জানিয়ে ইউরোপীয় দেশগুলো যে খসড়া প্রস্তাব দিয়েছে তাতে সিরিয়া সরকারের দমনপীড়নের নিন্দা জানিয়ে সেখানে মানুষের প্রবেশাধিকার দাবি করা হয়েছে। বলা হয়েছে, সিরিয়ার দমননীতির মুখে বিশ্ব নীরব থাকতে পারে না। কিন্তু সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব পাশ হলে তা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে অস্থিতিশীল করে তুলতে পারে যুক্তিতে এ ধরনের কোনো পদক্ষেপের বিরোধিতা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অ্যালেক্সান্ডার লুকাশেভিচ। তবে মস্কো এ প্রস্তাবে ভেটো দেবেন কিনা সে ব্যাপারে লুকাশেভিচ কিছু বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১০ ঘ.