জাতিসংঘ, ০৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার সরকারবিরোধী বিদ্রোহ দমনের লক্ষ্যে বিরোধীপক্ষের নারীদের ওপর ধর্ষণ চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে প্রমাণ পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
তদন্তকারীদের বরাত দিয়ে আইসিসির আইনজীবী লুইস মোরিনো ওকাম্পো বুধবার এ কথা বলেন।
এ অভিযোগে গাদ্দাফির বিরুদ্ধে আলাদা অভিযোগ গঠন করা হতে পারে বলে জানান তিনি।
আইসিসি ও আইনজীবী মোরিনো ওকাম্পো ১৬ মে গাদ্দাফি, তার ছেলে সাইফ আল ইসলাম এবং লিবিয়ার গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য অনুরোধ জানান।
লিবিয়ার সরকারবিরোধী বিদ্রোহীদের দমন করতে এরা মানবতাবিরোধী ভূমিকা পালন করেন বলে অভিযোগ ছিল।
আইসিসির বিচারকেরা ওকাম্পোর অনুরোধ বিবেচনা করছেন। তবে ওকাম্পো বলেছেন, বিচারকদের সিদ্ধান্ত জানার পর তিনি গণধর্ষণের নতুন অভিযোগ দাখিল করতে পারেন।
গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নতুন নয়। এপ্রিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই অভিযোগ প্রথম উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস। তিনি বলেন, গাদ্দাফি অনুগত কিছু সেনার কাছে যৌনউত্তেজক ভায়াগ্রা ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে।
মে মাসের ২ তারিখ রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে ওকাম্পো জানান, তিনি রাষ্ট্রদূতের ওই অভিযোগটি তদন্ত করছেন।
বুধবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ওকাম্পো জানান, "কিছুদিন আগেও প্রশ্নটি ছিল,- গাদ্দাফি নিজে কি এই ধর্ষণের ঘটনাগুলোর সাথে জড়িত না এগুলো সামরিক বাহিনীর ঐতিহ্যগত আচরণ?"
"কিন্তু এখন আমরা নতুন প্রমাণ পাচ্ছি যে গাদ্দাফি নিজে সিদ্ধান্ত নিয়ে এসব ঘটনা ঘটিয়েছেন", বলেন ওকাম্পো।
গাদ্দাফি বিদ্রোহীদের শাস্তি দিতেই ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ওকাম্পো মার্কিন রাষ্ট্রদূতের অভিযোগের পুনরুক্তি করে বলেন, তার তদন্তকারী দল ভায়াগ্রা ধরনের ওষুধপত্র কেনার প্রমাণ পেয়েছে।
তিনি বলেন, "আমরা প্রমাণ পেয়েছি ধর্ষণের উদ্দেশ্যে লিবিয়া কয়েক কন্টেইনার ভর্তি ভায়াগ্রা সংগ্রহ করেছে।"
ধর্ষণের ব্যাপকতা কত বেশী তা বলা কঠিন হলেও কয়েকটি এলাকায় কয়েকশত ধর্ষিতার খোঁজ পেয়েছেন বলে জানান তিনি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়ার সহিংসতা অনুসন্ধানের দায়িত্ব গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তর করে।
চলতি বছরের মার্চে ত্রিপোলির রিক্সস হোটেরে বিদেশি সাংবাদিকদের কাছে এমান আল-ওবাইদি নামে এক লিবীয় নারী গাদ্দাফি অনুগত বাহিনীর হাতে ধর্ষিত হওয়ার ঘটনা খুলে বলেন। আর এরপরই তিনি আলোচনায় উঠে আসেন।
সংবাদমাধ্যমে এমান ধর্ষিত হওয়ার কথা ফাঁস করে দেওয়ার পর তাকে সরিয়ে দিতে চেয়েছিল লিবীয় কর্তৃপক্ষ।
কিন্তু গাদ্দাফির পক্ষত্যাগী সামরিক কর্মকর্তাদের সহযোগিতায় তিনি আত্মগোপন করে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন বলে এমান জানান।
এরপর প্রাণভয়ে প্রায় মাসখানেক সময় বাবা-মাসহ কাতারের একটি হোটেলে আশ্রয় নেন এমান। কিন্তু কাতার থেকে তাকে লিবিয়ার বেনগাজিতে ফেরত পাঠানো হয়।
কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সহায়তায় এমানকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০৭ ঘ.
bdnews24