বার্লিন, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মানিতে নতুন করে ই. কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণের হার অনেকটাই কমে আসছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ডানিয়েল বার বুধবার টিভিতে ই.কোলাইয়ের নতুন সংক্রমণের ঘটনা কমে যাওয়ার কথা জানিয়েছেন।
তবে ই. কোলাইয়ের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এআরডি টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বার বলেন, "ই.কোলাই আক্রান্তের আরো ঘটনা ঘটবে এবং এতে আরো প্রাণহানি ঘটার আশঙ্কা আছে। তবে নতুন করে ই.কোলাই সংক্রমণের সংখ্যা কমে আসছে।"
তিনি আরো বলেন, "সংক্রমণ সম্পূর্ণ বন্ধ হয়েছে তা আমি বলতে পারছি না। তবে পরিস্থিতি বিশ্লেষণে সংক্রমণের হার কমার যে সর্বসাম্প্রতিক তথ্য আমরা পেয়েছি তা আশাব্যাঞ্জক।"
যে বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো তা কেটে গেছে বলেই আশা করছেন বার।
এ পর্যন্ত ই.কোলাই আক্রান্ত হয়ে মারা গেছে ২৪ জন। আক্রান্ত হয়েছে ২ হাজার ৪০০ জন এবং কয়েকশ জনের অবস্থা গুরুতর। জার্মানি ছাড়াও ইউরোপের অন্যান্য দেশ এবং যুক্তরাষ্ট্রেও মানুষ ই.কোলাই সংক্রমিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৫ ঘ.
bdnews24