২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে এবার অনশনে যাচ্ছেন আন্না হাজারে

ভারতের যোগব্যায়াম গুরু স্বামী রামদেবের শান্তিপূর্ণ অনশনে পুলিশী বাধা ও দুর্নীতির প্রতিবাদে এবার নিষেধ উপেক্ষা করে অনশনে যাচ্ছেন প্রবীণ ভারতীয় সমাজসেবী আন্না হাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

নয়াদিল্লি, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের যোগব্যায়াম গুরু স্বামী রামদেবের শান্তিপূর্ণ অনশনে পুলিশী বাধা ও দুর্নীতির প্রতিবাদে এবার নিষেধ উপেক্ষা করে অনশনে যাচ্ছেন প্রবীণ ভারতীয় সমাজসেবী আন্না হাজারে। ১৪৪ ধারা ভঙ্গ করে এ অনশনে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। ভারতীয় সমাজের সর্বস্তরে পাহাড়সম দুর্নীতি কমাতে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে আন্না হাজারে তার অনুসারীদের নিয়ে বুধবার নয়াদিল্লির রাজঘাটে এ অনশনে যেতে চান। নয়াদিল্লির রামলীলা ময়দানে গত রোববার রামদেবের দুর্নীতিবিরোধী অনশন আন্দোলনে পুলিশ লাঠি ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এ ঘটনায় সারা ভারতজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। পুলিশ পাঠিয়ে অনশন ভেঙে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ক্ষমতাসীন কংগ্রেস জোটনেত্রী সোনিয়া গান্ধী তীব্র সমালোচনার শিকার হন। ওইদিন রামদেবের ১০ হাজার শিষ্য সেখানে আন্দোলন করছিলো। আন্না হাজারের মুখপাত্র অরবিন্দ কেজরিওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো আমাদের অধিকার। অরবিন্দ বলেন, সরকার আমাদের বাধা দিলে আমরা তা প্রতিহত করবো এবং গ্রেপ্তারের জন্য আত্মসমর্পণ করবো। সরকারের আচরণ এখানে পরিষ্কার। সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, কেউ এতে বাধা দিতে চাইলে তারা হয় তাকে দমন করছে বা ১৪৪ ধারা জারি করছে। দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত বলেন, 'সহিংসতার আশঙ্কা' থাকায় হাজারে ও তার শিষ্যদের অনশন কর্মসূচি ঠেকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২১৩২ ঘ.