২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ই.কোলাই: ১৫ কোটি ইউরো ক্ষতিপূরণ প্রস্তাব ইইউ'র

ই.কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তত ১৫ কোটি ইউরো ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

লুক্সেমবার্গ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- ই.কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তত ১৫ কোটি ইউরো ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মারাত্মক ই. কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণে এ পর্যন্ত ২২ জনের মৃত্যু এবং ২ হাজারের বেশি মানুষ রোগাক্রান্ত হওয়ায় সব্জি বিক্রি কমে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সালাদের সব্জি উৎপাদনকারী কৃষকরা। সঙ্কট নিরসনের চেষ্টায় লুক্সেমবার্গে আলোচনায় বসেছেন ইইউ এর কৃষিমন্ত্রীরা। বৈঠকে উপস্থিত হয়ে ইইউ কমিশনার দাসিয়ান সিয়োলোস বলেছেন, ক্ষতিপূরণের অর্থ টমেটো, শসা এবং লেটুসের মতো কাঁচা সব্জি উৎপাদকদের দেওয়া হবে। গত মাসে জার্মানিতে ই.কোলাই এর প্রাদুর্ভাবে যাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, "এই সাহায্য প্যাকেজ ১৫ কোটি (১৫০ মিলিয়ন ইউরো) ইউরো দিয়ে শুরু করা হবে।" পরে এ তহবিল আরো বাড়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি। স্পেন ইতোমধ্যেই হিসাব কষে বলেছে, ই.কোলাই সংক্রমণের জন্য জার্মানি প্রাথমিকভাবে স্পেন থেকে সরবরাহ হওয়া শসাকে দায়ী করার পর থেকে তাদের কৃষকরা ২০ কোটি ইউরো ক্ষতির সম্মুখীন হয়েছে। ইইউ এর কাঁচা সব্জি উৎপাদনকারী এসোসিয়েশন ফ্রেসফেল ইউরোপ বলেছে, সর্বশেষ হিসাবে ই.কোলাই সংক্রমণের কারণে অন্যান্য দেশে সপ্তাহে অর্থনৈতিক ক্ষতির অঙ্ক নেদারল্যান্ডস এ ৮ কোটি ইউরো, জার্মানিতে ২ কোটি ইউরো, বেলজিয়ামে ৪০ লাখ ইউরো এবং পর্তুগালে ৩০ লাখ ইউরো। ই. কোলাই দূষণ আসলেই কোথা থেকে ঘটছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওদিকে, বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ই কোলাই দূষণের উৎস সম্পর্কে ভ্রান্ত সিদ্ধান্ত না দেওয়ার ব্যাপারে জার্মানিকে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক কমিশনার জন ডালি। জনসমক্ষে প্রকাশিত তথ্য অবশ্যই বৈজ্ঞানিক দিক থেকে নিখুঁত হতে হবে বলে মন্তব্য করেন তিনি। ডালি আরো বলেন, ই.কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণ ভৌগোলিকভাবে শুধুমাত্র জার্মানির উত্তরাঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। ফলে পুরো ইউরোপ জুড়ে নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। রাশিয়া ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ফল ও সবজি আমদানি নিষিদ্ধ করেছে। জন ডালি বলেন, আমরা রাশিয়াকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেতে অনুরোধ জানিয়েছি। তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে যাতে তারাও রাশিয়ার অনুকরণে ইউরোপ থেকে সবজি আমদানি নিষিদ্ধ না করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২০১৫ ঘ.