নয়া দিল্লি, ০৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কর্পোরেশনের কাছ থেকে ১০টি সি-১৭ সামরিক পরিবহন বিমান কিনবে ভারত। আর এ জন্য ব্যয় হবে ৪১০ কোটি মার্কিন ডলার।
এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব ভারতীয় মন্ত্রীপরিষদের একটি প্যানেল সোমবার অনুমোদন করেছে বলে জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
ক্রয় প্রস্তাব অনুমোদনের আগে গত এপ্রিলে, ১ হাজার ১শ' কোটি ডলারের যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত মার্কিন কোম্পানি লকহিড মার্টিন ও বোয়িংয়ের দরপত্র প্রত্যাখ্যান করেছিল নয়াদিল্লি। মার্কিন কোম্পানির পরিবর্তে বিমান সরবরাহের জন্য দুটি ইউরোপীয় কোম্পানিকে মনোনীত করে ভারত।
এর জেরে নয়াদিল্লি ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়।
নয়াদিল্লির ওই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা আশংকা প্রকাশ করেন, দিল্লির এ পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত মিত্রতা গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে।
সামরিক বাহিনীকে আধুনিকায়নের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারত এখন প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির লোভনীয় বাজার। গত বছর ভারত সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলোর কাছ থেকে সমর সরঞ্জাম কেনার পক্ষে জোর তদবির করে যান।
ঠান্ডাযুদ্ধ শেষ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়ে ওঠে। এর আগে ভারতকে সোভিয়েত ঘেঁষা মনে করা হতো।
যুক্তরাষ্ট্র ও ভারত ২০০৭ সালে একটি ঐতিহাসিক বেসামরিক পরমাণু চুক্তি সম্পাদন করে। পাশাপাশি গত বছর সফরের সময় ওবামা কথা দেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের দাবিতে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩০ ঘ.
bdnews24