ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর চোরাগোপ্তা হামলায় নিরাপত্তা বাহিনীর ১২০ সদস্য প্রাণ হারিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় জিসার আল সুগহোর শহরে এ ঘটনা ঘটে। তবে শহরের অধিবাসীরা জানাচ্ছেন ভিন্ন খবর। তাদের দাবি এর মাধ্যমে সরকার শহরটিতে সেনা মোতায়েনের পাঁয়তারা করছে।
সিরিয়ার সরকারি টেলিভিশনের বরাত দিয়ে মঙ্গলবার আল জাজিরা জানায়, ওই শহরের অধিবাসীদের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে যাচ্ছিল। পথে চোরাগোপ্তা হামলা ও একটি পোস্ট অফিসে বিস্ফোরণে তারা প্রাণ হারান।
সরকারি টেলিভিশনে জানানো হয়, "সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড ব্যবহার করে [...] জিসার আল সুগহোর শহরের অধিবাসীরা সেনা বাহিনীর কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানায়।"
সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রিম হাদাদ আল জাজিরাকে বলেন, "আজ বিকালে (সোমবার) নিরাপত্তা বাহিনীর ৪০ জন সদস্য নিহত হয়েছেন। তার আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত মারা গেছেন নিরাপত্তা বাহিনীর ৮০ জন সদস্য।"
সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে দেশটিতে বিদেশি সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ফরে সরকারি সংবাদমাধ্যমে পরিবেশিত খবরের সত্যতা যাচাই প্রায় অসম্ভব বিষয়।
সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আল শাহর হুঁশিয়ারি জানিয়ে বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোকে এর সমুচিত জবাব দেওয়া হবে।
এদিকে জিসার আল সুগহোর শহরের এক আন্দোলনকারী পরিচয় প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে জানান, গত কয়েক দিনের সহিংসতার পর সোমবার শহর বেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।
অধিবাসীরা জানিয়েছে, সরকারি বাহিনী যদি জোর করে শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তবে ব্যাপক রক্তারক্তি হবে।
এরআগে শুক্রবার সিরিয়ার সরকারি টেলিভিশন আকস্মিকভাবে জানায়, শত শত অস্ত্রধারী জিসার আল সুগহোর শহর দখল করেছে। সেখানে সশস্ত্র ওই গোষ্ঠী গণহত্যা চালাচ্ছে। শহরটি তুরস্ক সীমান্ত থেকে মাত্র ২০ মাইল দূরে।
টেলিভিশনের ধারাবাহিক প্রতিবেদনে জানানো হয়, শহরের অধিবাসীদের উদ্ধারের লক্ষ্যে সেনা বাহিনী সেখানে যাওয়ার পথে চোরাগোপ্তা হামলার শিকার হয়। তাতে ২০ জন কর্মকর্তা নিহত হন।
প্রতিবেদনে আরো জানানো হয়, শহরের নিরাপত্তা সদরদপ্তর দখল করার সময় প্রতিরোধ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর ৮২ সদস্য নিহত হয়েছেন। অপর আট জন নিরাপত্তা বাহিনীর সদস্য একটি পোস্ট অফিসে দায়িত্বপালনরত অবস্থায় বোমা হামলায় নিহত হয়েছেন।
সর্বমোট ১২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে সরকারি টেলিভিশন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী শাহর এক বিবৃতিতে জানান, "আমরা বিষয়টি কঠোরভাবে আইনি মাধ্যমে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছি। দেশের এবং জনগণের নিরাপত্তাকে লক্ষ করে চালানো কোনো সশস্ত্র হামলা আমরা মুখ বুঁজে সহ্য করবো না।"
তথ্যমন্ত্রী আদনান মাহমুদ জানান, সেনা বাহিনী ওই শহর থেকে বেশ দূরে অবস্থান করলেও পুনরায় নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের 'জাতীয় দায়িত্ব' পালন করবে।
এর পরপরই ফেসবুকের পৃষ্ঠায় জিসার আল সুগহোর শহরের অধিবাসীদের পক্ষে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, সশস্ত্র বাহিনীর কোনো হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা (স্থানীয় অধিবাসী) সেনা বাহিনীর কাছে সাহায্যের আবেদন জানাননি।
বিবৃতিতে আরো বলা হয়, ওই শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনা সত্য হলে তারা এর তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ও স্বচ্ছ তদন্ত দাবি জানাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য যদি সেনাবাহিনীর ট্যাংক মোতায়েন করা হয় তবে সেখানে মানবতার বিরুদ্ধে অপরাধমূলক অনেক কিছু ঘটবে বলে অধিবাসীরা আশঙ্কা করছে।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, সেখানে ট্যাংক পাঠানো হলে অনেক সাধারণ মানুষ অবধারিত ভাবে প্রাণ হারাবে, হাজার হাজার মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে যেতে বাধ্য হবে।।
সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ দেশটির প্রেসিডেন্ট থাকাকালীন তার বিরুদ্ধে ১৯৮০ সালে আন্দোলন শুরু হলে তা কঠোর হস্তে দমন করা হয়। এতে বহু সংখ্যক মানুষের মৃত্যু হয়।
২০০০ সালে হাফিজের মৃত্যুর পর সিরিয়ার ক্ষমতা গ্রহণ করেন বাশার আল আসাদ।
মার্চের মাঝামাঝি সময় থেকে সিরিয়ায় ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত প্রায় ১২ শ' মানুষ সরকারি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে।
অপরপক্ষে এ সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনীর ১৬০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে সিরীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৩ ঘ.
bdnews24