২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যয়সঙ্কোচনের কালো ছায়ার মধ্যে নির্বাচন পর্তুগালে

অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়া পর্তুগাল আগামী দিনগুলোতে কঠোর ব্যয়সঙ্কোচন কর্মসূচি নেওয়ার কালো ছায়ার মধ্যে রোববার নির্বাচন অনুষ্ঠান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

লিসবন, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়া পর্তুগাল আগামী দিনগুলোতে কঠোর ব্যয়সঙ্কোচন কর্মসূচি নেওয়ার কালো ছায়ার মধ্যে রোববার নির্বাচন অনুষ্ঠান করছে। এ নির্বাচনে পর্তুগালের ভোটাররা এক নতুন সরকার নির্বাচন করবে। আর সেই সরকারের হাতেই বাস্তবায়িত হবে অর্থনৈতিক সঙ্কট কাটাতে চাহিদামাফিক ৭৮ বিলিয়ন ইউরো পুনরুদ্ধার তহবিল নেওয়া আর এর জন্য প্রয়োজনীয় শর্ত হিসাবে দেশে কঠোর ব্যয়সঙ্কোচন কর্মসূচি চালুর পরিকল্পনা । রোববার স্থানীয় সময় সকাল ৮ টায় রৌদ্রবজ্জ্বল পরিবেশে সেন্ট্রাল লিসবনে ভোট কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু বাইরে কোন লাইন দেখা যায়নি। মাত্র দু'একজন মানুষকে বিক্ষিপ্তভাবে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী জোসে সক্রেটস এবং কেন্দ্রীয়-ডানপন্থী ড্যামোক্রেট প্যাড্রো পাসোস কোয়েলহো। জনমত জরিপে পর্তুগালে কেন্দ্রীয়-ডানপন্থি বিরোধীদল 'স্যোশাল ডেমোক্র্যাটস' (পিএসডি) ক্ষমতাসীন স্যোশালিস্টস এর চেয়ে এগিয়ে আছে। কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মতো যথেষ্ট ভোট পাবে না বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পিএসডি তৃতীয় অবস্থানে থাকা সিডিএস এর সঙ্গে জোট গড়ার চেষ্টা করতে পারে। পর্তুগালের প্রধান সব দলই অর্থনীতি পুনরুদ্ধার প্যাকেজ (বেইল-আউট) নিতে রাজি হয়েছে। তবে এর জন্য পর্তুগালের কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়বে। ব্যয়সঙ্কোচন প্যাকেজ নিয়ে পার্লামেন্টে বিরোধীদলের বিরোধিতার মুখে পর্তুগালের স্যোশালিস্ট প্রধানমন্ত্রী জোসে সক্রেটস গত মার্চে পদত্যাগ করলে দেশটিতে আগাম নির্বাচনের পট প্রস্তুত হয়। জোসে তখন থেকে তত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বে আছেন। আর্থিক মন্দার মুখোমুখি হওয়ার কারণে গ্রিস এবং আয়ারল্যান্ডের মত পর্তুগালও এখন আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্ধার প্যাকেজের আওতাভুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৯ঘ.