নয়া দিল্লি, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের শহরজীবনের দিকে তাকালে বোঝার উপায় নেই, দেশটির অসংখ্য মানুষ ক্ষুধার্ত অবস্থায় কাটাচ্ছে দিনের পর দিন।
রাজধানী দিল্লির রাস্তায় অনেক পথশিশুকেই দেখা যাবে গাড়ির দরজায় টোকা দিয়ে ভিক্ষা চাইছে। গ্রাম থেকে আসা এমন হাজার হাজার শিশুকে দেখা যায় যাদের কাছে রাস্তাই তাদের গোসল, রান্না আর ঘুমের স্থান।
সাধারণভাবে মনে হয় তারা সবাই তাদের আহারের ব্যবস্থাটুকু করতে পারে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, বিশ্বের প্রতি চারজন ক্ষুধার্ত মানুষের মধ্যে একজন ভারতবাসী।
অক্সফাম ইন্ডিয়ার তথ্যানুযায়ী, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি ১৯৯০ থেকে ২০০৫ সালের মধ্যে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি দ্বিগুণ বৃদ্ধি করতে পারলেও লাখ লাখ ভারতবাসীর ক্ষুধা দূর করতে পারেনি।
সংস্থাটির প্রধান নিশা আগরওয়াল বলেছেন, "অধিক জনসংখ্যার কারণে বিশ্বে স্বাভাবিকের চেয়ে কম ওজনের শিশুদের মধ্যে ৪২ ভাগেরই অবস্থান ভারতে এবং দেশটির ৩১ ভাগ শিশুই অপুষ্টির শিকার।
মাঝে মাঝে স্থানীয় গণমাধ্যমে এমন খবর দেখা যায় যে, খাবারের অভাবে লোকজন বন্য ফল ও লতা-পাতা খেয়ে থাকছে। কিন্তু অধিকাংশ মানুষই মনে করে, ১২০ কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশটিতে খুব কম মানুষই এমন মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছেন।
জানা গেছে, ২০০৫ সালে পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহারের জালহে ভনগিয়া নামক এক গ্রামে ১৪ জন ক্ষুধার্থ মানুষ ক্ষুধা মেটাতে একটি মরা ছাগল মাটি খুঁড়ে তুলে খাওয়ার ফলে মারা যায়। অথচ ছয় বছর পরও এ অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৬১৭ ঘ.
bdnews24