২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে গোলা, বেঁচে গেলেন সালেহ

ইয়েমেনের রাজধানী সানার প্রেসিডেন্ট প্রাসাদে শুক্রবার গোলা হামলা হয়েছে। এতে প্রাণে বেঁচেছেন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ। কিন্তু তিনি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সানার এক পশ্চিমা কূটনীতিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

সানা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইয়েমেনের রাজধানী সানার প্রেসিডেন্ট প্রাসাদে শুক্রবার গোলা হামলা হয়েছে। এতে প্রাণে বেঁচেছেন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ। কিন্তু তিনি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সানার এক পশ্চিমা কূটনীতিক। তবে ইয়েমেনের সরকারি কর্মকর্তারা বলেছেন, সালেহ ভালো আছেন এবং শিগগিরিই দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন। রয়টার্স দুইজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গোলা হামলায় প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের স্পিকার আহত হয়েছেন। কিন্তু সালেহ অক্ষত অবস্থায় প্রাণে বেঁচেছেন। এ ঘটনার জন্য সরকার আদিবাসী নেতা শেখ আল-আহমারের নেতৃত্বাধীন দল হাশেদ এর যোদ্ধাদের দায়ী করেছে। কিন্তু আল-আহমার এ হামলার দায় অস্বীকার করে উল্টো সালেহকেই এর জন্য দায়ী করেছেন। রাস্তায় বিরোধী বাহিনীর সঙ্গে লড়াইয়ের যৌক্তিকতা প্রমাণ করতে সালেহ এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন আহমার। আহমারের দল ছাড়া প্রেসিডেন্ট সালেহ'র পক্ষ ত্যাগী জেনারেল আলি মহসেনের লোকেরাও এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহসেন গত এপ্রিলে বিরোধী শিবিরে যোগ দিয়ে সরকার-বিরোধী বিক্ষোভকারীদের সুরক্ষায় সেনাদের মাঠে নামিয়েছিলেন। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, গোলার আঘাতে সালেহ ছাড়াও প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের স্পিকার আহত এবং ৪ জন গার্ড নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সানার ওই পশ্চিমা কূটনীতিকও একই তথ্য জানিয়েছেন। আল-আরাবিয়া টেলিভিশন প্রাথমিকভাবে প্রেসিডেন্ট প্রাসাদে গোলার আঘাতে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহসহ শীর্ষ কর্মকর্তাদের আহত হওয়ার খবর জানায়। স্পিকারের অবস্থা গুরুতর বলে জানায় তারা। ওদিকে, বিরোধী আদিবাসী শিবির পরিচালিত 'সুহালি' টিভি স্টেশন গোলায় প্রেসিডেন্ট সালেহ নিহত হয়েছেন বলে দাবি করে। এ খবরের প্রতিক্রিয়ায় ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা বলেন, তিনি বেঁচে আছেন এবং শিগিগিরিই জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী আব্দু আল জানাদি রয়টার্সকে বলেন, "প্রেসিডেন্ট ভালো আছেন। একঘণ্টার মধ্যে তিনি জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।" অন্যান্য কর্মকর্তারা গোলার আঘাতে সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি। গত ১০ দিনে ইয়েমেনে অন্তত ১৫৫ মানুষ নিহত হওয়ার পর শুক্রবার সানায় লড়াই আরো তীব্র হয়েছে। এদিন প্রেসিডেন্ট প্রাসাদে হামলার আগে বিক্ষোভকারীরা সালেহ'র নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ৫০ জনের কফিন নিয়ে মিছিল করে। সানার উত্তরে হাসাবা জেলায় গত সপ্তাহ থেকেই আদিবাসী যোদ্ধাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রচ- লড়াই চলছে। শুক্রবার সানার দক্ষিণাঞ্চলে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেনাবাহিনী হাদ্দা এলাকায় আদিবাসী নেতা শেখ আল-আহমারের বাড়িতে গোলা ছুড়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরে ক্ষমতাসীন জেনারেল পিপলস কংগ্রেস পার্টির এক মুখপাত্র তারিক আল সামি বলেন, প্রেসিডেন্ট প্রাসাদের মসজিদ চত্বরে অন্ততপক্ষে ২ টি গোলা হামলা হয়েছে। আল আহমার বাহিনী সীমা ছাড়িয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৯ ঘ.